সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ এ ০২:১৮:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •

জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপ শুরু আজ

জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপ শুরু আজ

জাতীয় রাজনৈতিক অস্থিরতা ও দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্যোগের অংশ হিসেবে আজ সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল তার সঙ্গে বৈঠকে অংশ নেবে। 

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠেয় এ বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায়ের প্রতিফলন, জুলাই গণহত্যার বিচার এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের বিষয়গুলোতে গুরুত্ব দেবে এনসিপি। বিভিন্ন স্থানে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এনসিপির নেতাকর্মীদের হামলার শিকার হওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবে এ দল।

এনসিপির পর পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও প্রধানমন্ত্রীর আলাদা বৈঠক হবে। সূত্র জানাচ্ছে, সব রাজনৈতিক দলের মতামত শোনার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কয়েকজন মন্ত্রী ও রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। এরপর প্রয়োজনে সর্বদলীয় বৈঠক ও জাতীয় ঐক্যের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়ে এনসিপি নেতারা বলছেন, ‘জাতীয় ঐক্যের উদ্যোগকে আমরা ইতিবাচকভাবে দেখলেও কেবল রাজনৈতিক সমঝোতা কিংবা আওয়ামী লীগবিরোধী অবস্থানের ভিত্তিতে ঐক্য চাই না। এই ঐক্যের সুস্পষ্ট ভিত্তি, অঙ্গীকার ও ধারাবাহিকতা থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ কার্যকর এবং গণহত্যার বিচার নিশ্চিত করাই হতে হবে জাতীয় ঐক্যের মূল ভিত্তি।’ 

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব বলেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আজ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীই এ বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন। তাই অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি আলোচনায় নিশ্চয়ই ঐক্যের প্রসঙ্গও আসবে।’ 

গতকাল রবিবার লন্ডন সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগে অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। অতীতে সরকার যেসব অঙ্গীকার ভঙ্গ করেছে, সেজন্য ক্ষমা চাইতে হবে। এমন পদক্ষেপ নিতে হবে, যাতে জাতীয় ঐক্যের উদ্যোগের বিষয়ে সবাই আশ্বস্ত হতে পারে। এনসিপির পক্ষ থেকে সংলাপে এ বিষয়ে পরামর্শ দেওয়া হবে। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ মৌলিক ইস্যুতে সরকার অঙ্গীকারবদ্ধ হলেই জাতীয় ঐক্য সম্ভব। একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। শুধু আওয়ামী লীগ ঠেকানোর জন্য সাময়িক ঐক্য করে পরে একদলীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংবিধান সংশোধন করার প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।’

এদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে দলীয় কর্মসূচিও ঘোষণা করেছে এনসিপি। আজ ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে এ দল। পাঁচ দফা দাবিতে এসব কর্মসূচি পালন করা হবে। দাবিগুলো হলোÑ সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।

প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে জামায়াতে ইসলামীও। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দেশের গণতন্ত্র, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যের দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রীর উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে জামায়াত। তবে অন্য কোনো উদ্দেশ্যে কেউ যেন এই ভালো উদ্যোগ নষ্ট না করে।’ তিনি জানান, জামায়াত এখনও সংলাপের আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। আমন্ত্রণ পাওয়ার পর অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফর শেষে ২৬ নভেম্বর দেশে ফিরবেন। সেক্ষেত্রে ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি।’

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি কীভাবে দেখছেন?Ñ জানতে চাইলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘বিএনপি একটি উদার রাজনৈতিক দল। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা বিএনপির কাম্য হওয়ার কথা নয়। এতে ভবিষ্যতে সমস্যা আরও বাড়বে। আন্দোলন দীর্ঘমেয়াদি হবে। আন্তর্জাতিক পর্যায়ের চাপ আসবে। সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। এতে আওয়ামী লীগের প্রতি মানুষ সহনশীল হবে।’ তিনি আরও জানান, বিএনপি কখনোই রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা চায়নি। শরিক সমমনা দলের সঙ্গে বৈঠক হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হলেও হতে পারে। তবে এখনও কোনো আমন্ত্রণ পাইনি।’