সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৮:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় শ্রমিকনেতা চৌধুরী হারুনুর রশীদ এমপির জন্মশতবর্ষ উদযাপন

পটিয়ায় শ্রমিকনেতা চৌধুরী হারুনুর রশীদ এমপির জন্মশতবর্ষ উদযাপন

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:

 

প্রখ্যাত শ্রমিক নেতা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চৌধুরী হারুনুর রশীদ এমপির জন্মশতবর্ষ উপলক্ষে পটিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা তাঁর আদর্শ, শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা এবং সাম্রাজ্যবাদবিরোধী রাজনৈতিক অবস্থানের কথা তুলে ধরে নতুন প্রজন্মকে তাঁর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান।
 

বক্তারা বলেন, জমিদার পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও চৌধুরী হারুনুর রশীদ ব্যক্তিগত ভোগ-বিলাসিতা ত্যাগ করে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে আত্মনিয়োগ করেন। রাজনৈতিক জীবনের শুরুতে মুসলিম লীগের সঙ্গে যুক্ত থাকলেও তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান নেন। পরবর্তীতে শ্রমিক আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে রেল শ্রমিকদের নেতৃত্ব দেন এবং ব্যাংক কর্মচারীদের প্রথম সংগঠন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমৃত্যু তিনি পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান। বর্তমান সময়ের রাজনৈতিক ও শ্রমিক আন্দোলনের কর্মীদের তাঁর আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে জনগণকে সম্পৃক্ত করে সাম্রাজ্যবাদবিরোধী বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
 

জন্মশতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক সাংবাদিক এস. এম. এ. কে. জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম. এম. আকাশ। তিনি বলেন, ১৯৪৭ ও ১৯৭১ সালের মধ্য দিয়ে বাংলাদেশ বৈদেশিক শাসন থেকে মুক্ত হলেও বর্তমান বৈশ্বিক ভূরাজনীতিতে দেশের অবস্থান নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
 

অধ্যাপক ভগীরথ দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পটিয়া গৌরব সংসদের আহ্বায়ক অ্যাডভোকেট কবিশেখর নাথ পিন্টু। এ সময় আরও বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত, বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদেরী জয়, ইতিহাসের খসড়া সম্পাদক মুহাম্মদ শামসুল হক, বাসদ নেতা স. ম. ইউনুচ, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, রেজাউল কবীর এবং আবদুর রহমান রুবেলসহ অনেকে।
 

অনুষ্ঠানের শুরুতে শিল্পী গৌতম চৌধুরী আবৃত্তি পরিবেশন করেন। পরে স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা সংগীত পরিবেশন করে জন্মশতবর্ষের আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।