কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহ এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার মুঠোফোনে পাওয়া দুটি বার্তার সূত্র ধরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়েরের পর শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
পরে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল পুলিশ অফিসার্স মেসে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগের পক্ষে দুটি সুনির্দিষ্ট বার্তা পাওয়া গেছে।
ডিআইজি বলেন, একটি বার্তায় আগামী ডিসেম্বর মাসে আগের অবস্থায় ফিরে যাওয়া এবং সাবেক সরকারকে পুনর্বাসিত করার কথা বলা হয়েছে। অন্য বার্তায় ডিসেম্বর মাসে জীবন বাজি রেখে সবাইকে মাঠে নামার আহ্বান জানানো হয়।
তবে বার্তা দুটি একই ব্যক্তিকে পাঠানো হয়েছিল, নাকি পৃথক ব্যক্তির সঙ্গে কথোপকথনের অংশ-সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। তদন্তের স্বার্থে আপাতত সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন ডিআইজি।
মামলার এজাহারে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছিলেন জাহাঙ্গীর আলম। পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সিএমপির এক পুলিশ কর্মকর্তা এজাহারের বরাত দিয়ে জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে জনগণকে মাঠে নামার আহ্বান জানানো হয়। সেখানে ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের প্রসঙ্গ এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নামার কথাও উল্লেখ ছিল। তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, তা এখনো স্পষ্ট করা হয়নি।
এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। ওই দিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
এ ঘটনায় বিভাগীয় তদন্তের দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম। প্রাথমিক অনুসন্ধানের প্রতিবেদন ইতোমধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। নিয়ম অনুযায়ী সেখান থেকে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ রাখা ব্যক্তিরা চট্টগ্রামের স্থানীয় নেতা, নাকি জাতীয় পর্যায়ের নেতা—এমন প্রশ্নের জবাবে ডিআইজি বিষয়টিকে সংবেদনশীল উল্লেখ করে মন্তব্য করতে রাজি হননি।
জাহাঙ্গীর আলমের কর্মস্থল হালিশহরের কার্যালয়ে অন্য কোনো পুলিশ কর্মকর্তা বা ব্যক্তি এ কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফৌজদারি আইনে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ডিআইজি।
কবে থেকে এ ধরনের যোগাযোগ শুরু হয়েছিল এবং কত দিন ধরে কথোপকথন চলছিল, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ডিআইজি জানিয়েছেন, মামলার এজাহারে উল্লেখিত তথ্যের বাইরে তদন্তের স্বার্থে আপাতত অতিরিক্ত কিছু বলা সম্ভব নয়।
মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে। তদন্তে অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের পর পরবর্তী আইনি কার্যক্রম নেওয়া হবে।
উল্লেখ্য, গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।







