পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে জেলেদের হামলায় এক পুলিশ সদস্য ও এক স্পিডবোটচালক আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নসংলগ্ন বুড়াগৌড়াঙ্গ নদীতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য মো. জসিম ও স্পিডবোটচালক মো. শাহজালালকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, আগুনমুখা, তেঁতুলিয়া ও বুড়াগৌড়াঙ্গ নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারের খবর পেয়ে শুক্রবার বিকেল থেকে অভিযান শুরু করে মৎস্য বিভাগ ও পুলিশ। পানপট্টি লঞ্চঘাট থেকে ট্রলার ও স্পিডবোট নিয়ে অভিযানে নামেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান চলাকালে সন্ধ্যায় রতনদী তালতলী এলাকায় বুড়াগৌড়াঙ্গ নদীতে অবৈধভাবে পাতা দুটি জাল উদ্ধারের চেষ্টা করা হয়। এ সময় দ্রুতগতির একটি ট্রলার থেকে বৈঠা দিয়ে অভিযানে অংশ নেওয়া সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে পুলিশ সদস্য মো. জসিম ও স্পিডবোটচালক মো. শাহজালাল আহত হন।
গলাচিপা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, বুড়াগৌড়াঙ্গ নদীতে একটি ট্রলারে ১০ থেকে ১২ জন জেলে অবৈধভাবে মা ইলিশ শিকার করছিলেন। তাঁরা নদীতে জাল ফেলে আত্মগোপনে ছিলেন। পরে জাল উদ্ধারের সময় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ট্রলার এসে হামলা চালায়।
তিনি আরও জানান, সন্ধ্যা হয়ে যাওয়ায় হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। হামলায় একজন পুলিশ সদস্য ও স্পিডবোটচালক গুরুতর আহত হন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত রয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।







