ঢাকা প্রেস,লাইফস্টাইল ডেস্ক:-
শীতকাল মানেই মজাদার খাবারের আয়োজন। মাছ, মাংসের পাশাপাশি শীতের সবজি দিয়ে নানা রকম রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে খাওয়ানোর জন্য গৃহিণীরা নানা আইডিয়া খুঁজে থাকেন। বেগুনও সেই তালিকায় এক নতুন মাত্রা যোগ করতে পারে। তবে কখনও কি মুরগির পুর ভরা বেগুন খেয়েছেন? এই স্বাদে ভরা খাবারটি তৈরি করা অত্যন্ত সহজ এবং মজাদার।
চলুন, জেনে নেওয়া যাক মুরগির পুর ভরা বেগুন তৈরির রেসিপি—
উপকরণ:
- মাঝারি আকারের গোল বেগুন ৪টি
- তেল ৩ টেবিল চামচ
- পেঁয়াজকুচি ১/২ কাপ
- কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ
- আদাবাটা ১ চা-চামচ
- রসুনবাটা ১ চা-চামচ
- লবণ পরিমাণমতো
- মুরগির মাংস (কিউব করে কাটা) ১/২ কাপ
- টমেটো সস ২ টেবিল চামচ
- সয়া সস ১ টেবিল চামচ
- ক্যাপসিকাম (কিউব করে কাটা) ১/২ কাপ
- টমেটো (কিউব করে কাটা) ১/২ কাপ
- লেবুর রস ১ টেবিল চামচ
- সাদা সস ১/২ কাপ
- মোজারেলা চিজ ১/২ কাপ
- গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ
প্রণালি:
১. প্রথমে বেগুনের অর্ধেক ফালি করে ভেতরের অংশে ছুরি দিয়ে দাগ কেটে নিন। এবার তাতে তেল লাগিয়ে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ১৫-২০ মিনিট বেকড করুন।
২. অন্য একটি প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিন।
৩. এরপর এতে আদাবাটা, রসুনবাটা, লবণ, এবং মুরগির মাংস দিয়ে ভুনা করতে থাকুন। সয়া সস এবং টমেটো সস দিয়ে কিছুক্ষণ চুলায় রাখুন।
৪. এরপর ক্যাপসিকাম, টমেটো, লেবুর রস, এবং সামান্য লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।
৫. ওভেন থেকে বেগুন বের করে সাদা সস, মুরগির মাংসের মিশ্রণ, এবং ক্যাপসিকাম কুচি দিয়ে ৩ মিনিট বেক করুন।
৬. শেষে মোজারেলা চিজ এবং গোলমরিচের গুঁড়া ছড়িয়ে আরও ২ মিনিট বেক করুন। এরপর গরম-গরম পরিবেশন করুন।
এত সুন্দর এবং মজাদার একটি রেসিপি নিশ্চয়ই আপনাদের পরিবারের সকলের মন জয় করবে!







