আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:
চট্টগ্রামের পটিয়ায় এয়াকুবদন্ডী হুলাইন পাইরোল উচ্চ বিদ্যালয়ে সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামকে সংবর্ধনা, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. এ কে এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য মো. শফিকুল ইসলাম (শফিক), পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মইনুল আলম ছোটন, কায়ছার চৌধুরী পিন্টু, অধ্যাপক দিলীপ বড়ুয়া চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপন কান্তি দে এবং এবাভাস ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মেরিন সার্ভিসেসের সিইও ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া মো. রিয়াদ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়াজ মোহাম্মদ রকি, জসিম উদ্দীন চৌধুরী, এয়াকুবদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আবু বক্কর সুজন এবং এয়াকুবদন্ডী হুলাইন পাইরোল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমেন বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, সুশিক্ষা কেবল সনদ বা প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের মধ্যে মানবিকতা, নৈতিকতা, বিবেক ও দেশপ্রেম জাগ্রত করে জীবনকে আলোকিত করে।
তিনি বলেন, নৈতিক শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন বা মুখস্থবিদ্যা নয়। সততা, সহানুভূতি ও মানবিক গুণাবলি অর্জনের মধ্য দিয়েই প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ শিক্ষা মানুষকে দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল করে তোলে।
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে পাসের হার বাড়ানোর প্রতিযোগিতা শিক্ষাব্যবস্থা ধ্বংসের অন্যতম কারণ ছিল। ভবিষ্যতে অযোগ্য কাউকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।







