সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৪:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

মিলাদের মিষ্টি খেয়ে হাসপাতালে ভর্তি ১৪ মুসল্লি

মিলাদের মিষ্টি খেয়ে হাসপাতালে ভর্তি ১৪ মুসল্লি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শবে বরাতের নামাজ শেষে মসজিদে মিলাদের মিষ্টি খেয়ে ১৪ জন মুসল্লি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বহরপুর পশিচমপাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে। অসুস্থ মুসল্লিরা হলেন— দেলোয়ার হোসেন, মাহিম, মুস্তাফিজুর রহমান, মোরসালিন, সোহান, রিমন, শিহাব, আরিফ, মিন্টু, মিনার, মোজাম, সুমন, মাহিন ও সাইফুল ইসলাম সোহান।
 

মসজিদের সভাপতি মো. গোলাম মোস্তফা জানান, শবে বরাত উপলক্ষে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের তবারক (খিচুড়ি) প্যাকেট তৈরির কাজ করছিলেন স্থানীয় কয়েকজন যুবক। এরমধ্যে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আব্দুল খালেক সরদারের কাছে হৃদয় নামক এক যুবক ১০০ টাকা ও এক কেজি চমচম মিষ্টি দিয়ে যান। মিলাদ শেষে ওই মিষ্টি যারা খিচুড়ির প্যাকেট তৈরি করছিলেন, তাদের মধ্যে বিতরণ করা হয়। সেই মিষ্টি খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।
 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সুমন শেখের (৩০) বাবা শফিউদ্দিন শেখ জানান, তার সন্তান শবে বরাতের নামাজ পড়তে মসজিদে যান। নামাজ শেষে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়। যারা তবারক প্যাকেট তৈরি করেছিলেন, তাদের মিষ্টি খেতে দেওয়া হয়। মিষ্টি খাওয়ার পরই তারা অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। চারজনের অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, ওই মিষ্টিতে এমন কিছু থাকতে পারে যা খাওয়ার পর শরীরে প্রভাব ফেলেছে। মিষ্টির অবশিষ্ট অংশ পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। যারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন, তারা আপাতত ঝুঁকিমুক্ত এবং চিকিৎসা চলছে।
 

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, এ ঘটনায় শুক্রবার রাতেই এএসপি সার্কেল (পাংশা) দেবব্রত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আব্দুল খালেক সরদার ও মিষ্টি দেওয়া যুবক হৃদয়ের পরিচিত জিল্লুর রহমানকে থানায় নিয়ে আসা হয়েছে। হৃদয়কে গ্রেফতার করতে পারলেই মূল রহস্য জানা যাবে। ঘটনার পর থেকে হৃদয় পলাতক রয়েছেন, এবং এখনও থানায় কেউ অভিযোগ করেননি।