রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫১:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

রাঙামাটিতে নানা আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

রাঙামাটিতে নানা আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

রাঙামাটি প্রতিনিধি:

 

 

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে রাঙামাটির বিভিন্ন বৌদ্ধবিহারে। রোববার (২৫ অক্টোবর) দিনব্যাপী এসব আয়োজনে শত শত ধর্মপ্রাণ বৌদ্ধ নর-নারী অংশ নেন।
 

উৎসব উপলক্ষে বিভিন্ন বৌদ্ধবিহারে বুদ্ধপূজা, ধর্মীয় দেশনা, পিণ্ডদান, প্রাতরাশ ও প্রদীপ প্রজ্বালনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। তিন মাসের বর্ষাবাস শেষে বৌদ্ধ ভিক্ষু ও শ্রমণরা প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করেন। এর মধ্য দিয়ে শুরু হয়েছে মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব। আগামী এক মাস রাঙামাটির বিভিন্ন বৌদ্ধবিহারে এ ধর্মীয় উৎসব পালিত হবে।
 

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সকালে রাঙামাটির রাজবন বিহার প্রাঙ্গণে বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে ভিক্ষু সংঘের পিণ্ডদান ও প্রাতরাশ এবং বুদ্ধপূজার আয়োজন করা হয়। এরপর অনুষ্ঠিত ধর্মসভায় ধর্মপ্রাণ দায়ক-দায়িকাদের উদ্দেশে ধর্মীয় দেশনা দেন রাজবন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও জ্ঞানপ্রিয় মহাস্থবির।
 

এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী নিরুপা দেওয়ান, রাজবন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমিয় খীসাসহ অন্যরা। ধর্মীয় অনুষ্ঠানগুলোতে বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন। বিকেলে রাজবন বিহার প্রাঙ্গণে আয়োজন করা হয় হাজার প্রদীপ প্রজ্বালন কর্মসূচি।
 

ধর্মীয় দেশনায় বৌদ্ধ ভিক্ষুরা বুদ্ধের অহিংসার নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে হিংসা, লোভ, মোহ ও মিথ্যাদৃষ্টি পরিহার করে মৈত্রী, সহমর্মিতা ও নৈতিকতার পথে চলার আহ্বান জানান তাঁরা। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রেখে সবার সুখে-শান্তিতে বসবাসেরও উপদেশ দেন ধর্মীয় গুরুগণ।
 

প্রবারণা পূর্ণিমার এসব আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটির বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও মৈত্রীর বার্তা ছড়িয়ে পড়ে।