শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৯:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

নববিবাহিত যুবক অপহরণের ৫২ ঘণ্টা পরও উদ্ধার হয়নি

নববিবাহিত যুবক অপহরণের ৫২ ঘণ্টা পরও উদ্ধার হয়নি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নববিবাহিত যুবক নয়ন চন্দ্র দাস (২৬) অপহরণের ৫২ ঘণ্টা পরও এখনও উদ্ধার হয়নি। অপহরণকারীরা তার মুক্তির জন্য ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে এবং পুলিশের কাছে অথবা অন্য কারো কাছে বিষয়টি জানালে তাকে হত্যা করার হুমকি দিয়েছে। বাজার থেকে প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে অপহরণের ঘটনা নিয়ে স্থানীয়রা চরম আতঙ্কিত।
 

রোববার সকাল ১০টার দিকে নাসিরনগরের ফান্দাউক ইউনিয়নে নয়নকে অপহরণ করা হয়। আজ মঙ্গলবার, অপহরণের ৫২ ঘণ্টা পার হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করতে পারেনি।
 

অপহরণকারীরা দাবি করেছে, সোমবার সকাল ১০টার মধ্যে ১০ লাখ টাকা মুক্তিপণ দিলে নয়নকে নিরাপদে ফিরিয়ে দেওয়া হবে। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অপহরণের পর নয়নের পরিবার বিভিন্ন মাধ্যম থেকে টাকা সংগ্রহ করতে চেষ্টা করলেও অপহরণকারীদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। এরই মধ্যে ৫২ ঘণ্টা পেরিয়ে গেছে, আর নয়ন দাসের পরিবার এখন শঙ্কা ও উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছে। শুধু নয়নের পরিবার নয়, প্রতিবেশী ও আশপাশের অনেকেই আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছেন।
 

প্রত্যক্ষদর্শী বিষ্ণু দেব জানান, নয়ন প্রতিদিনের মতো সকাল ৯টার দিকে দোকান খুলে পূজা করছিলেন। সকাল ১০টার দিকে দুই ব্যক্তি বাজারে ঘোরাফেরা করছিলেন, তাদের কোমরে ওয়াকিটকি জাতীয় কিছু ছিল।
 

বাজারের ব্যবসায়ী জুয়েল দাস বলেন, “নয়নকে প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ৩০ ঘণ্টা পার হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা সবাই আতঙ্কিত।”
 

নয়নের পাশের দোকানি অপূর্ব দেবনাথও অপহরণের ঘটনার সাক্ষী। এরপর থেকে পুরো বাজারের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ব্যবসায়ী হরিমন রায় জানান, নয়নের অপহরণের পর থেকে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ রেখেছেন। কেউ কেউ সকাল ১০টার আগে দোকানে আসছেন না।
 

নয়নের মা রত্না রানী দাস বলেন, “গত রোববার সকালে আমার ছেলে দোকানে যাচ্ছিল, তারপর থেকেই তাকে খুঁজে পাচ্ছি না। রাতে কেউ ফোন করে জানায়, সোমবার সকাল ১০টার মধ্যে ১০ লাখ টাকা প্রস্তুত রাখতে। আর জানিয়ে দেয়, যদি কেউ কিছু জানে তবে নয়নকে মেরে ফেলা হবে। অনেক কষ্ট করে টাকা জোগাড় করেছি, কিন্তু অপহরণকারীদের কোনো ফোন পাইনি। আমি জানি না আমার ছেলে বেঁচে আছে কি না।”
 

নয়নের চাচা সুভাষ চন্দ্র দাস বলেন, “আমরা থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু এখনো তাকে উদ্ধার করা যায়নি। আমরা খুব দুশ্চিন্তায় আছি এবং দ্রুত নয়নের সন্ধান চাই।”
 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, “স্থানীয়দের মাধ্যমে নয়ন দাস নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। কয়েকটি সূত্র ধরে অপহরণকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ডিবি ও র‍্যাবের মাধ্যমে নয়নকে উদ্ধার এবং অপহরণকারীদের ধরতে অভিযান চলছে।”
 

প্রসঙ্গত, নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক বাজার থেকে গত রোববার (১৬ মার্চ) সকালে নয়ন দাসকে অপহরণ করা হয়। তিনি রামু চন্দ্র দাসের ছেলে এবং মাত্র ১০ দিন আগে বিয়ে করেছিলেন।