বাংলার প্রকৃতির এক অপরূপ ঋতু শরৎ। যে ঋতুতে আকাশে সাদা মেঘের ভেলা ও বাতাসে হালকা শীতল স্পর্শ মনকে প্রশান্ত করে। এই ঋতুর অন্যতম আকর্ষণ হলো কাশফুল। কাশফুল ফোটার এই সময়ে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করলে শরতে প্রকৃতির শোভা পুরোপুরি উপভোগ করা যায়। নদীর তীর, খোলা মাঠ বা চরের প্রান্তর—এসব স্থানে কাশফুলের মনোমুগ্ধকর দৃশ্য ভ্রমণপিপাসুদের জন্য অনন্য অভিজ্ঞতা হতে পারে।
মাওয়া ঘাট
মুন্সীগঞ্জের মাওয়া ঘাট শরৎকালে অন্যতম সুন্দর স্থান। পদ্মা নদীর তীরে এই সময়ে কাশফুলের সাদা আভা ছড়িয়ে থাকে, যা পদ্মার তীর ধরে ছড়িয়ে যায়। নদী তীরবর্তী এলাকায় নৌকাভ্রমণ করার সময় কাশফুলের সাদা সমুদ্র দেখার অভিজ্ঞতা সত্যিই অনন্য। ঢাকার কাছাকাছি হওয়ায় মাওয়া ঘাট শরতের সাপ্তাহিক ছুটিতে এক দিনের ভ্রমণের জন্য আদর্শ স্থান।
পদ্মার চর
রাজশাহীর পদ্মার চর শরতে কাশফুলের সাদা সৌন্দর্যে ভরে ওঠে। যা নদীর ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে দুলতে থাকে। পদ্মার শীতল হাওয়া, কাশফুলের স্নিগ্ধতা আর নদীর ধারে বসে সময় কাটানো এক অসাধারণ অভিজ্ঞতা। স্থানীয়দের কাছ থেকে নৌকা ভাড়া নিয়ে পদ্মার তীর ধরে কাশফুলের এই সৌন্দর্য উপভোগ করা যায়।







