মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৬:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

‘সাংবাদিকদের মর্যাদা নিশ্চিত করতে হলে আর্থিক নিরাপত্তা অপরিহার্য’

‘সাংবাদিকদের মর্যাদা নিশ্চিত করতে হলে আর্থিক নিরাপত্তা অপরিহার্য’

ঢাকা প্রেস,ময়মনসিংহ প্রতিনিধি:-

 

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের পেশাগত মর্যাদা নিশ্চিত করা সম্ভব নয়। স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে কমিশন যে সংস্কারের সুপারিশ প্রণয়ন করছে, তাতে আর্থিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কারণ এটি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পূর্বশর্ত।
 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগের চার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় কমিশনের সদস্য মোস্তফা সবুজ ও আক্তার হোসেন খান উপস্থিত ছিলেন।
 

কামাল আহমেদ বলেন, “নির্ধারিত সময়ের মধ্যেই আমরা আমাদের প্রতিবেদন পেশ করবো। তবে প্রতিবেদন উপস্থাপনের পর সুপারিশগুলো বাস্তবায়নে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে সাংবাদিকদেরই। তারা যদি চাপ প্রয়োগ না করেন, তাহলে কোনো সংস্কারই বাস্তবায়িত হবে না।”
 

তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে ইউনিয়ন বিভক্তি বর্তমানে বড় একটি সমস্যা। অধিকারের প্রশ্নে ঐক্যবদ্ধ হতে হলে সাংবাদিকদের একক ইউনিয়নের জন্য চাপ দিতে হবে। দেশের বিভিন্ন জায়গায় গণমাধ্যমের বাস্তবতা নিয়ে শুনানিতে যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে, তা থেকেও একই ধরনের সমস্যা উঠে এসেছে।
 

ওয়েজ বোর্ড প্রসঙ্গে তিনি বলেন, “ওয়েজ বোর্ড সংস্কার কমিশনের আওতাভুক্ত নয়। তবে সাংবাদিকদের মতামতের পাশাপাশি গণমাধ্যমের সবচেয়ে বড় অংশীদার পাঠক, দর্শক ও শ্রোতাদের মতামতও বিবেচনায় নেওয়া হবে। এজন্য আমরা জাতীয় ভিত্তিতে একটি গণমাধ্যম সমীক্ষা (ন্যাশনাল মিডিয়া সার্ভে) পরিচালনা করেছি। ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সারা দেশে প্রায় ৪৫ হাজার পরিবারে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মাধ্যমে আমরা গণমাধ্যম নিয়ে জনগণের প্রত্যাশা ও অভিমত জেনেছি। এসব তথ্যের ভিত্তিতে আমরা আমাদের সংস্কারের প্রস্তাব প্রণয়ন করছি।”
 

মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন এবং তাদের মতামত তুলে ধরেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সাংবাদিক বাবুল হোসেন, দেলোয়ার খান, সুলতান মাহমুদ কনিক, হারুনুর রশিদ, আবু সালেহ মো. মুসা, হোসাইন শাহিদ, কামাল হোসেন, নজীব আশরাফ, এম এ জলিল ও ম. কিবরিয়া হেলিম।