মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৬:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

যাত্রীভর্তি ট্রেন রেখে পালাল চালক, যাত্রীদের বিক্ষোভে অচলাবস্থা

যাত্রীভর্তি ট্রেন রেখে পালাল চালক, যাত্রীদের বিক্ষোভে অচলাবস্থা

ঢাকা প্রেস,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-


 

নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর চালক হঠাৎ ট্রেন ফেলে পালিয়ে যান। এতে যাত্রীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা স্টেশন সুপারিনটেনডেন্টকে অবরুদ্ধ করেন।
 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায়। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন জানান, ট্রেনটির চালক পালানোর ফলে যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হন।

 

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকলেও হাওর এক্সপ্রেস সকাল ৮টায় মোহনগঞ্জ থেকে যাত্রা শুরু করে। ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে পৌঁছানোর পর চালক ট্রেন ফেলে পালিয়ে যান। এতে ট্রেনের পাঁচ শতাধিক যাত্রী বিপাকে পড়েন।
 

উপায়ান্তর না দেখে বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খানকে অবরুদ্ধ করেন। তিনি গণমাধ্যমকে জানান, “যাত্রীরা আমাকে অবরুদ্ধ করে রেখেছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি, কিন্তু কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। চালক গা ঢাকা দিয়েছে, আমাকেও সমস্যায় ফেলেছে।”

 

রানিং স্টাফদের কর্মবিরতি শুরু হয়েছে মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক প্রদান, নিয়োগপত্রের শর্ত বাতিলসহ বিভিন্ন দাবিতে। সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে সারাদেশে রেল চলাচল প্রায় বন্ধ। ফলে সাধারণ যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়ছেন।
 

রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনের যাত্রা বাতিল হলে যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।

 

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা যাত্রীদের বোঝানোর চেষ্টা করছি। পাশাপাশি তাদের বিকল্প উপায়ে ঢাকায় পাঠানোর আলোচনা চলছে।”
 

তিনি আরও জানান, ট্রেনটিতে প্রায় পাঁচ শতাধিক যাত্রী রয়েছেন, যাদের অসহায় অবস্থার সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে।