মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৬:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ব্রহ্মপুত্রের ফেরাতে নাব্যতা সংকট, বিআইডব্লিউটিএ’র গাফিলতিতে বন্ধ ফেরি চলাচল

ব্রহ্মপুত্রের ফেরাতে নাব্যতা সংকট, বিআইডব্লিউটিএ’র গাফিলতিতে বন্ধ ফেরি চলাচল

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার চিলমারী-রৌমারী নৌরুটে ব্রহ্মপুত্র নদে সারা বছর ড্রেজিংয়ের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত তার কার্যকর ফলাফল শূন্য। নাব্যতা সংকট না কাটানোর পাশাপাশি ড্রেজিংয়ের নামে সরকারের বিপুল পরিমাণ টাকা অপচয় হচ্ছে।
 

গত বছরের ২৪ সেপ্টেম্বর, বিআইডব্লিউটিসি’র তৎকালীন চেয়ারম্যান ড. একেএম মতিউর রহমান ব্রহ্মপুত্র নদের খননের তাগিদ দিলেও বিআইডব্লিউটিএ তার পরও তৎপরতা দেখাতে পারেনি। স্থানীয়রা অভিযোগ করছেন, বিআইডব্লিউটিএ নাব্যতা সংকট সমাধানে অব্যর্থ। নদী খননে গাফিলতি এবং নৌকার মালিকদের সিন্ডিকেটের কারণে চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল সম্ভব হচ্ছে না। এর ফলে ফেরি বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
 

চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চালুর ফলে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর থেকে কিছুটা সুবিধা হলেও, নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। এতে নৌকায় পারাপার করা জনগণের ভোগান্তি বেড়ে যাচ্ছে, আর বাড়তি ভাড়া দিতে হচ্ছে।
 

এ অঞ্চলের মানুষের মতে, চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি সার্ভিসের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য এবং মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হতে পারে, কিন্তু বিআইডব্লিউটিএ এবং নৌকার মালিকদের সিন্ডিকেটের কারণে তা সম্ভব হচ্ছে না। ডিসেম্বর ২৩ তারিখ থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পর, এক মাসেরও বেশি সময় ধরে সংকট কাটাতে ব্যর্থ হয়েছে বিআইডব্লিউটিএ।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিআইডব্লিউটিসি বর্তমানে প্রতিদিন ১২ লাখ ৩০ হাজার টাকা ক্ষতির মুখে পড়ছে। ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরির ইঞ্জিনও ক্ষতির সম্মুখীন হচ্ছে।
 

চিলমারী-রৌমারী নৌরুটে নিরাপদ এবং নিরবচ্ছিন্ন ফেরি চলাচল নিশ্চিত করতে ড্রেজিং, লো-ওয়াটার ঘাট ও সড়ক নির্মাণ, এবং রাত্রিকালীন বাতি স্থাপন জরুরি, যাতে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে এ অঞ্চলের অর্থনীতি পুনরায় সচল হতে পারে।
 

বিআইডব্লিউটিসির চিলমারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, গত ডিসেম্বরে ফেরি চলাচল বন্ধ থাকায় পরিবহন এবং যাত্রীদের বাড়তি ভোগান্তি সৃষ্টি হচ্ছে। বিআইডব্লিউটিএ’র উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, তাদের ৫টি ড্রেজারের মধ্যে তিনটি খননকাজ চালাচ্ছে, কিন্তু নাব্যতা সংকট দ্রুত সমাধান হবে কি না, তা নিয়ে কোনো নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না।
 

এ পরিস্থিতিতে, ফেরি চলাচল পুনরায় চালু করতে এবং নাব্যতা সংকট কাটাতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি স্থানীয়দের দাবির শেষ নেই।