সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নাফ নদে কাঠবাহী বোট আটক করল আরাকান আর্মি

নাফ নদে কাঠবাহী বোট আটক করল আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:-

 

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে একটি কাঠবাহী বোট আটক করেছে। বুধবার বিকেল পর্যন্ত রাখাইন রাজ্যের মংডুর খারাংখালী খালে বোটটি তাদের হেফাজতে রয়েছে।
 

এর আগে, গত ১০ ফেব্রুয়ারি টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর এলাকা থেকে বোটটি আটক করা হয়। আরাকান আর্মির সদস্যরা স্পিড বোটে ধাওয়া করে তল্লাশির নামে এটি জব্দ করে। তিন দিন পেরিয়ে গেলেও এখনো বোটটি ফেরত দেওয়া হয়নি।
 

টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ৩৫ টন কাঠবোঝাই বোটটি এখনো বন্দরে পৌঁছেনি। কাঠগুলো ব্যবসায়ী আবদুল কাদেরের জন্য পাঠানো হচ্ছিল। এছাড়া, ১৬ জানুয়ারি থেকে ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে কোনো পণ্যবাহী বোট আসেনি।
 

এ বিষয়ে ব্যবসায়ী আবদুল কাদের বলেন, "৩৫ টন কাঠ নিয়ে একটি বোট আমার কাছে আসার পথে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। শুনেছি তারা তল্লাশি চালাচ্ছে। সম্ভবত ভুল তথ্যের ভিত্তিতে এটি আটক করা হয়েছে। তবে মিয়ানমারের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ চলছে, আশা করি কাঠগুলো ফেরত দেওয়া হবে।"
 

এর আগে, ১৬ জানুয়ারি ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনায় তিনটি পণ্যবাহী কার্গো আটকা পড়ে। এসব কার্গোতে ৫০ হাজার বস্তা শুটকি, সুপারি, কফিসহ বিভিন্ন মালামাল ছিল। ২০ জানুয়ারি দুটি কার্গো ছেড়ে দেওয়া হয়, যেখানে ২৭,৭২২ বস্তা মালামাল ছিল। আরেকটি কার্গো ১ ফেব্রুয়ারিতে মুক্তি পায়। তবে দশ দিনের ব্যবধানে আবারও এ ধরনের ঘটনা ঘটেছে, ফলে ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী বোট চলাচল বন্ধ রয়েছে।
 

আমদানিকারক মোহাম্মদ উল্লাহ এ ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, "এভাবে চলতে থাকলে ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়বে। সরকারের উচিত স্থায়ী সমাধান করা। ইতিমধ্যেই পণ্যবাহী বোট আটকের কারণে ইয়াঙ্গুন থেকে টেকনাফে পণ্য পরিবহন বন্ধ রয়েছে, যা বন্দর কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।"
 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, "টেকনাফ স্থলবন্দরে আসার পথে কাঠবাহী একটি বোট আটক হওয়ার খবর পেয়েছি। বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।"