সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৮:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দুবাইয়ে বেনজীরের জামিনে মুক্তির খবর, আনুষ্ঠানিক তথ্য নেই পুলিশ ও দুদকের কাছে

দুবাইয়ে বেনজীরের জামিনে মুক্তির খবর, আনুষ্ঠানিক তথ্য নেই পুলিশ ও দুদকের কাছে

ঢাকা প্রেস প্রতিবেদক:



পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন—এমন খবর প্রকাশিত হলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি বাংলাদেশ পুলিশ ও দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া এগিয়ে নিতে দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ করেছে।

 

রোববার বিভিন্ন গণমাধ্যমে বেনজীর আহমেদের জামিনে মুক্তির খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে বাংলাদেশ পুলিশের একাধিক সূত্র জানায়, দুবাই কর্তৃপক্ষ কিংবা ইন্টারপোলের কাছ থেকে এখন পর্যন্ত তার মুক্তি সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। তবে পুলিশ সদর দপ্তরের একটি দায়িত্বশীল সূত্র বেনজীরের কারাগার থেকে মুক্তির সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেয়নি।
 

অন্যদিকে, বেনজীর আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, গত বৃহস্পতিবার তিনি দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সূত্রটির ভাষ্য, মুক্তির পর বেনজীর আহমেদের সঙ্গে তাদের যোগাযোগও হয়েছে।
 

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) শাহাদাত হোসেন বলেন, বেনজীর আহমেদের মুক্তি বা কারাগার থেকে ছাড়া পাওয়ার বিষয়ে বাংলাদেশ পুলিশের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। দুবাই পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
 

দুদকের কাছেও পৌঁছায়নি কোনো নথি

বেনজীর আহমেদের মুক্তির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কাছেও এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য বা কাগজপত্র পৌঁছেনি বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী।
 

তিনি বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানা গেলেও দুদকের কাছে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নথি আসেনি। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কমিশনের কোনো ঘাটতি থাকবে না।
 

তিনি আরও বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার তদন্ত বা আইনি প্রক্রিয়ায় দুদকের পক্ষ থেকে কোনো ধরনের গাফিলতি ছিল না।
 

এর আগে দুদকের একটি মামলার ভিত্তিতে ইন্টারপোলের সহযোগিতায় বেনজীর আহমেদকে দুবাই পুলিশ গ্রেপ্তার করে। এ বিষয়ে গত ১২ জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল।
 

দেশে ফেরাতে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ

এদিকে বেনজীর আহমেদের জামিন বাতিল এবং তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
 

রোববার রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে সরকার জেনেছে। তার জামিন বাতিলের আবেদন করতে ইতোমধ্যে একটি ল’ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।
 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত জামিন বাতিল এবং বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী।