বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৫:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পুলিশ প্রশিক্ষণ ও সংস্কারে সহায়তা দিতে চায় ইউনেসকো

পুলিশ প্রশিক্ষণ ও সংস্কারে সহায়তা দিতে চায় ইউনেসকো

পুলিশ বাহিনীর দক্ষতা বৃদ্ধি ও কাঠামোগত সংস্কারে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে ইউনেসকো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী জুনের মধ্যেই এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা সম্ভব হতে পারে বলে জানা গেছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইউনেসকোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠক করে। তিন সদস্যের এই দলে আরও উপস্থিত ছিলেন ইউনেসকো বাংলাদেশের যোগাযোগ ও তথ্য বিভাগের প্রধান ফারহানা শাহনাজ এবং মিডিয়া ও তথ্য প্রকল্পের প্রধান শাকিল এম ফয়সাল।

বৈঠকে পুলিশ বাহিনীর প্রশিক্ষণ ও সংস্কার, পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক উন্নয়ন, মতপ্রকাশের স্বাধীনতা সংরক্ষণ এবং সাংবাদিকদের প্রশিক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানালে সুসান ভাইজ তাকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। তিনি বলেন, ইউনেসকোর অধীনে পুলিশ ও সাংবাদিকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে এবং পুলিশ প্রশিক্ষণের বিষয়ে মহাপুলিশ পরিদর্শকের সঙ্গেও আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে জুনের মধ্যেই নতুন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সম্মতি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

সুসান ভাইজ উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের আগে প্রায় ৭০০ জন এসপি ও ওসি পর্যায়ের পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিভাগীয় সদর দপ্তরগুলোতে ডিআইজি ও এসপি পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটের মিডিয়া শাখায় কর্মরত কর্মকর্তাদেরও এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, শনিবারে প্রশিক্ষণ আয়োজন করলে অংশগ্রহণকারীদের জন্য তা বেশি সুবিধাজনক হবে।

ইউনেসকোর পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের জন্যও একই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, তবে এর সঙ্গে জবাবদিহিতা নিশ্চিত করাও জরুরি। তিনি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, উপসচিব মিনারা নাজমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।