মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৯:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বড়াইগ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত কমপক্ষে ২০

বড়াইগ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত কমপক্ষে ২০

সুরুজ আল, নাটোর প্রতিনিধি:-



নাটোরের বড়াইগ্রামে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ও উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ সানা সহ কমপক্ষে ২০ নেতা-কর্মী আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার নগর ইউনিয়নের কয়েনবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।


 

বড়াইগ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত কমপক্ষে ২০



জানা যায়, উপজেলার কয়েনবাজারে স্থানীয় দলীয় কার্যালয় খোলার জন্য একটি দোকান ঘর ভাড়া নেওয়াকে কেন্দ্র করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমানের সাথে নগর ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমানের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় এবং এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে দুই প্লাটুন পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

বড়াইগ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত কমপক্ষে ২০ — ছবি ২



সংঘর্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান গ্রুপে যারা আহতরা হয়েছেন তারা হলেন, মিজানুর রহমান (৩৫) ও তার পিতা মো. জিন্নাহ (৬৫), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক সুজন আহমেদ (৩৪), শ্রমিক দলের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম (৪৫), নেতা রুবেল হোসেন (২৮), কৃষকদলের আজগর আলী (৬৫), ছাত্রদল নেতা সোহেল (২৪), শুভ (২২), জুয়েল রানা (২২) সহ কমপক্ষে ১২ জন নেতা-কর্মী।

 

বড়াইগ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত কমপক্ষে ২০ — ছবি ৩



ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমান গ্রুপে যারা আহতরা হয়েছেন তারা হলেন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ সানা (৫৭), বিএনপি নেতা নাসিমউদ্দিন (৩০), সাইদুল ইসলাম (৫০) ও সাইফুল ইসলাম (৫২), ছাত্রদল নেতা হৃদয় হোসেন (২৪) সহ কমপক্ষে ৮ জন নেতা-কর্মী।


আহতদের মধ্যে জিন্নাহ, রুবেল ও হৃদয়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ টহল রয়েছে। এখন পর্যন্ত থানায় কোন পক্ষই লিখিত অভিযোগ জমা দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।