সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৫:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ২

কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক:



রাজধানীর কদমতলীতে জাল নোট তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট, জাল নোট তৈরির সরঞ্জাম ও একটি ল্যাপটপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

 

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কদমতলী থানার পলাশপুর গ্যাস রোডের ৫ নম্বর গলির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. শাহাব উদ্দিন (৪৩) ও হাজেরা আক্তার ঋতু (৩০)।
 

সোমবার দুপুরে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

পুলিশ জানায়, অভিযানের সময় শাহাব উদ্দিন ও হাজেরা আক্তার ঋতু জাল নোট তৈরির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৫৮ হাজার টাকার জাল নোট, একটি ল্যাপটপ, একটি রঙিন প্রিন্টার এবং জাল নোট তৈরিতে ব্যবহৃত বিশেষ ডাইস, বিশেষ রং, সিকিউরিটি থ্রেডযুক্ত কাগজসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা কয়েক বছর ধরে ওই ভাড়া বাসায় জাল নোট তৈরি করে আসছিলেন। পরে নিজেদের এবং সহযোগীদের মাধ্যমে ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার জনবহুল হাট-বাজার ও শপিংমলে এসব জাল নোট ছড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন।
 

ডিএমপির তথ্য অনুযায়ী, চক্রটির মূলহোতা শাহাব উদ্দিনের বিরুদ্ধে রমনা, তেজগাঁও ও মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে পূর্বের পাঁচটি মামলা রয়েছে।
 

এ ঘটনায় কদমতলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জাল নোট প্রস্তুতকারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।