হয়তো কেবল কয়েক মিনিট পথে থাকছেন, এরপর পৌঁছে যাচ্ছেন গন্তব্যে, তার ভেতরেই কিন্তু ধুলা সেঁটে যেতে পারে আপনার ত্বকে। ঘরের বাইরে তো বটেই, ঘরের ভেতরেও কিন্তু ধুলার যন্ত্রণা থেকে পুরোপুরি রেহাই মিলছে না। বাতাসে ভেসে অন্দরেও পৌঁছে যায় ধুলা। এটি আসলে এ মৌসুমের চিরপরিচিত দৃশ্য।
লোমকূপে ধুলা আটকে থাকলে জীবাণুর সংক্রমণের ঝুঁকি বাড়ে, দেখা দেয় ব্রণের মতো সমস্যা। ধূলিধূসর ত্বক অনুজ্জ্বল হয়ে পড়ে। তবে সবচেয়ে বড় বিষয় হলো, ধুলায় আমাদের শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাই ঘরের বাইরে গেলেই পরতে হবে মাস্ক। সুস্থ থাকতে সঠিক নিয়মে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। মাস্ক কিন্তু একই সঙ্গে ত্বকের সুরক্ষার কাজেও আসবে। ঘরে বা বাইরে যেখানেই থাকুন না কেন, সারা দিনে চার-পাঁচবার মুখ ধোয়া আবশ্যক।
মুখ পরিষ্কার রাখতে
সারা দিনে দু-তিনবার মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। বাকি সময় কেবল পানি দিয়ে মুখ ধুলেই চলবে। তবে এই চার-পাঁচবারের মাঝে একটি বার ডাবল ক্লিনজিং পদ্ধতি অবলম্বন করা উচিত।








