অভিনয়জীবনের সাড়ে চার দশক পার করেছেন ডলি জহুর। এত দিন যাঁরা তাঁকে নাটক ও চলচ্চিত্রের অভিনয়শিল্পী হিসেবে দেখেছেন, তাঁদের কাছে এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তিনি। পরিচালক হিসেবে সম্প্রতি তিনি একটি টেলিছবির শুটিং শেষ করলেন।
উত্তরায় শুটিং হওয়া ‘দাঁড়কাক’ নামের এই টেলিছবিতে নতুন একজন অভিনয়শিল্পীরও অভিষেক ঘটবে। আশাজ জোবায়ের নামের এই তরুণকে দেখা যাবে তানজিকা আমিনের বিপরীতে।
টেলিছবি দাঁড়কাক পরিচালনা প্রসঙ্গে এই অভিনয়শিল্পী বললেন, ‘আমার পরিচালনার কখনোই কোনো শখ ছিল না। ‘দাঁড়কাক’–এর গল্পটা পাওয়ার পর মনে হলো এটার ডিরেকশন দেওয়া যায়। এই সময়ে জোবায়ের নামে একজন তরুণের সঙ্গে দেখা হয়। সে–ও আমাকে “মা, মা” বলে ডাকে। বলা যেতে পারে, অনেকটা আমার নেওটা হয়ে গেছে। এরপর জোবায়েরকে বললাম, দেখ তো গল্পটা কাউকে দিয়ে লেখাতে পারিস কি না। সে আমাকে বলল, “মা, আমিই চেষ্টা করে দেখি না।” সে নিজেও লেখালেখি করে।
তার লেখা বেশ কয়েকটি গল্পে নাটক প্রচারিত হয়েছে। তারপর আমি বললাম, ঠিক আছে। দেখ তাহলে। এরপর আমি তাকে অভিনয়ের প্রস্তাবও দিই। বলল, “আমি তো অভিনয় জানি না।” তখন বললাম, তোর অভিনয় জানা লাগবে না, তুই যা তা–ই করলে হবে। শেষ পর্যন্ত সে ভালোই করেছে। এরপর আমি চ্যানেল আইয়ের ইবনে হাসান খানকে পরিচালনার ইচ্ছার কথা বলি। সে–ও আমাকে বলল, “আপা, আপনি বানাবেন, অবশ্যই আমরা আপনার সঙ্গে আছি।” আমিও সাহস পেলাম, অনুপ্রাণিত হলাম। এরপর শুটিংয়ে নেমে পড়লাম।’
পরিচালনার অভিজ্ঞতা কেমন, জানতে চাইলে ডলি জহুর বললেন, ‘অভিনয়ে ৪৫ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা। এই সময়ের মধ্যে অনেক গল্প অন্য অনেককে দিয়ে করিয়েছি। কখনো নাম দিইনি। তা ছাড়া এই দীর্ঘ পথচলায় কত কত পরিচালকের সঙ্গে কাজ করেছি। কত কী শিখেছি, বলে শেষ করা সম্ভব না। আমার অভিজ্ঞতা থেকে অনুজ অনেক পরিচালক ও অভিনয়শিল্পীকে বিভিন্ন সময় নানা পরামর্শ দিই। তারাও আমার গাইডেন্স ভালোভাবে নেয়।







