মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিখোঁজের একদিন পর পাটখেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর পাটখেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি

 

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সানজিদা (৯) নামে এক স্কুলছাত্রীর মরদেহ পাটখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়া এলাকায় ডালিয়া সেচ ক্যানেলের পাশের একটি পাটখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 

নিহত সানজিদা ভীমপুর কোরানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় শাইলবাড়ী কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হওয়ার পর থেকে সানজিদার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেল থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার পর এলাকাজুড়ে মাইকিং করেও তার সন্ধান মেলেনি।
 

শনিবার সকাল ১১টার দিকে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরের একটি পাটখেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা মরদেহটি নিখোঁজ সানজিদার বলে শনাক্ত করেন এবং বিষয়টি পুলিশকে জানান।
 

খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, শিশুটিকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছিল। পাটখেত থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান।
 

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শিশুটির চোখে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।