মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

মো. হারুন অর রশিদ, কুড়িগ্রাম:


 

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে স্থানীয়ভাবে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
 

সোমবার (২৯ জুন) দুপুর ৩টার তথ্য অনুযায়ী কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার, জিঞ্জিরাম, অর্জুনডারাসহ ৩২টি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
 

পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৫৯ সেন্টিমিটার, তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ৭২ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৩৫ সেন্টিমিটার এবং নুনখাওয়া পয়েন্টে ৫১ সেন্টিমিটার বেড়েছে। একই সময়ে দুধকুমার নদের পানি ৫৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 

দুধকুমার নদের পানি বিপৎসীমা অতিক্রম করায় নাগেশ্বরী উপজেলার কয়েকটি এলাকায় বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে নিম্নাঞ্চলের সবজি ক্ষেত, বীজতলা ও কৃষিজমি তলিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, নিচু এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
 

স্থানীয় বাসিন্দা বকুল মিয়া বলেন, নদীর তীরবর্তী নিচু স্থানে বালু তুলে রাখার কারণে পানি সহজেই উপচে বসতবাড়ির দিকে চলে আসছে। অপর বাসিন্দা আতিকুর ইসলাম জানান, সকাল থেকেই পানি বাড়তে থাকায় তার দুই বিঘা জমির সবজি ক্ষেত সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে।
 

এদিকে জেলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, সোমবার সকাল ৬টা পর্যন্ত জেলায় ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা এই বৃষ্টিপাতের প্রভাবেই জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে জেলার সব নদ-নদীর পানি বাড়ছে। দুধকুমার নদের পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
 

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রও জানিয়েছে, নদ-নদীর পানি বৃদ্ধির ধারাবাহিকতায় কুড়িগ্রামের নদী অববাহিকার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সম্ভাবনা রয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।