মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৬:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুচলেকায় মুক্তি পেলেন এমপিপুত্র সজীব, যুবদল থেকে বহিষ্কার

মুচলেকায় মুক্তি পেলেন এমপিপুত্র সজীব, যুবদল থেকে বহিষ্কার

ঢাকা প্রেস প্রতিবেদক

 

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
 

রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয় থেকে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
 

তিনি জানান, অভিযোগের ভিত্তিতে সজীবকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বক্তব্য ও অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে রাত ১টা ৩০ মিনিটে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
 

এর আগে রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ডিবির সহায়তায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ তাকে হেফাজতে নেয়। প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যায় ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
 

শফিকুল ইসলাম বলেন, সজীবের বিরুদ্ধে কয়েকজন ব্যক্তি পুলিশের কাছে চাঁদাবাজির অভিযোগ করেছেন। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
 

এদিকে পুলিশ সদরদপ্তর রোববার রাত সাড়ে ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সজীবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে প্রথমে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে হেফাজতে নেওয়া হয়। প্রায় এক ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে ঢাকায় পাঠানো হয়।
 

অন্যদিকে, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের কারণে খাইরুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্যপদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় দল নেবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।