বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজে ডাকাতি: নাবিকদের হাত-পা বেঁধে প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট

মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজে ডাকাতি: নাবিকদের হাত-পা বেঁধে প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:-

 

বাগেরহাটের মোংলা বন্দরের চ্যানেলে নোঙর করা বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি সেঁজুতি’-তে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে দেশীয় অস্ত্রসজ্জিত প্রায় ১৪ জনের একটি ডাকাতদল ফিশিং ট্রলারে করে এসে জাহাজে হানা দেয়। এ সময় তারা নাবিকদের হাত-পা বেঁধে রেখে প্রায় তিন ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় এবং নগদ টাকা, মোবাইল ফোনসহ আনুমানিক ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় তিনজন নাবিক আহত হন, যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 

‘এমভি সেঁজুতি’ জাহাজটি পিএনএন শিপিং লাইন্সের মালিকানাধীন। এটি গত বছরের ২২ জুন ভারত থেকে পাথরবোঝাই করে মোংলা বন্দরে আসে। পাথর খালাসের পর যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি দীর্ঘ প্রায় এক বছর ধরে পশুর নদীর বন্দর চ্যানেলের বেসক্রিক এলাকায় নোঙর করে রাখা হয়। জাহাজে চিফ অফিসারসহ সাতজন ক্রু ও স্টাফ অবস্থান করছিলেন।
 

চিফ অফিসার মো. সিরাজুল হক জানান, ডাকাতরা ফিশিং ট্রলারে করে এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা জাহাজের পণ্য খালাসে ব্যবহৃত যন্ত্রাংশ, ওয়ার রোফ, ইঞ্জিনের বেয়ারিং, জ্বালানি তেলসহ মূল্যবান মালামাল লুট করে। পাশাপাশি, নাবিকদের ব্যবহৃত সাতটি মোবাইল ফোন ও নগদ অর্থও ছিনিয়ে নেয়।
 

স্থানীয় শিপিং এজেন্ট ‘আল সাফা শিপিং লাইন্স’-এর খুলনা শাখার ম্যানেজার শরিফ জাহাদুল করিম অমিত জানান, এর আগেও একই জাহাজে দুই দফায় ডাকাতি হয়েছিল। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সর্বশেষ সোমবারের ঘটনার পর মোংলা বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
 

এ বিষয়ে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশীদ জানান, পশ্চিম জোনের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ডাকাতদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
 

মোংলা বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র এবং জনসংযোগ বিভাগের উপপরিচালক মাকরুজ্জামান মুন্সী জানিয়েছেন, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে প্রয়োজনীয় অনুসন্ধান শুরু করেছেন।