শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ এ ০১:১৮:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •

রোহিঙ্গা গণহত্যার রায় আজ

রোহিঙ্গা গণহত্যার রায় আজ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রিত রোহিঙ্গাদের বুকের ভেতর আজ জেগে উঠেছে এক অনির্বাণ আশা। রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর জাতিগত নিধন ও গণহত্যার মুখে ভিটেমাটি ছেড়ে পালিয়ে আসার পর কেটে গেছে দীর্ঘ সাতটি বছর।

শিবিরগুলোতে আশ্রিত প্রায় ১২ লাখ মানুষের জন্য আজ শুধুই পঞ্জিকার দিন নয়Ñ এটি তাদের হারানো অধিকার, নাগরিকত্ব ও স্বদেশে ফিরে যাওয়ার আত্মমর্যাদা পুনরুদ্ধারের এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। কেননা, নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ প্রকাশ হতে যাচ্ছে মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা ঐতিহাসিক রোহিঙ্গা গণহত্যা মামলার রায়।

আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় প্রকাশ্য অধিবেশনে আদালতের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি এই রায় পাঠ করার কথা। এই রায়কে কেন্দ্র করে কুতুপালং থেকে শুরু করে বালুখালীর শরণার্থী শিবিরগুলোতে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও প্রত্যাশা।

এ রায় ঘিরে প্রত্যাশা ও আশঙ্কা নিয়ে বেশ কজন রোহিঙ্গা নাগরিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তার সঙ্গে কথা বলেছে প্রতিদিনের বাংলাদেশ। উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পের বাসিন্দা আব্দু রশীদ বলেছেন, ‘২০১৭ সালে মিয়ানমারে আমাদের ওপর যেভাবে নির্যাতন ও গণহত্যা চালানো হয়েছে, তা আন্তর্জাতিক সম্প্রদায় স্বচক্ষে প্রত্যক্ষ করেছে। তাই আইসিজের রায় আমাদের পক্ষেই আসবে বলে আশা করছি।’

ক্যাম্পের তরুণ আলমগীর বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়টি বিশ্ববাসী মেনে নিয়েছে। আমরা চাই, এই গণহত্যার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।’ রোহিঙ্গা যুবক আবু বক্কর যোগ করেন, ‘আমাদের জনগোষ্ঠীর ওপর যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে, তা পুরো বিশ্ব দেখেছে। আমরা আন্তর্জাতিক আদালতের কাছে সুনির্দিষ্ট বিচার চাই।’

আন্তর্জাতিক আইনের আওতায় অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে রোহিঙ্গা যুবক আনাছ বলেন, ‘বিশ্বের প্রভাবশালী দেশগুলো এক হয়ে এই অপরাধের বিচার নিশ্চিত করবে বলেই আমাদের বিশ্বাস। আমরা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড চাই।’

রোহিঙ্গারা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, তারা আর বাংলাদেশে শরণার্থী জীবন কাটাতে চান না। ক্যাম্প-১ ইস্টের বাসিন্দা তৈয়ব যেমনটা বলেছেন, ‘আমরা আর বাংলাদেশের বোঝা হয়ে থাকতে চাই না; নিজেদের দেশ মিয়ানমারে ফিরে যেতে চাই। আন্তর্জাতিক বিচার আদালতের মাধ্যমে বিচার ও নিরাপত্তা নিশ্চিত হলে আমরা এখনই নিজ দেশে ফিরতে প্রস্তুত।’

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আইসিজের রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের অধিকার, নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত হওয়ার পথ উন্মুক্ত হবে। পাশাপাশি মিয়ানমারের জান্তা সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা সংঘটিত ধ্বংসযজ্ঞের উপযুক্ত ক্ষতিপূরণও পাওয়া উচিত। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে কোনো রাষ্ট্র বা গোষ্ঠী এ ধরনের নৃশংসতা চালানোর সাহস পাবে না। এ রায় বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’