কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে দর্শক ও সমালোচক–প্রশংসিত সিনেমা করেছেন নানি। এই দক্ষিণি তারকাকে দেখা গেছে ‘হিট’–এর মতো জনপ্রিয় সিনেমা সিরিজ প্রযোজনা করতে। তবে ‘জার্সি’র পরে সেভাবে ব্যাপক ব্যবসাসফল সিনেমায় দেখা যায়নি তাকে। তবে নানির সে আক্ষেপ এবার ঘুচতে চলেছে। ৩০ মার্চ মুক্তির পর তাঁর নতুন সিনেমা ‘দসারা’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে।
‘দসারা’ তেলেগু সিনেমা হলেও মুক্তি পেয়েছে হিন্দি, তামিলসহ পাঁচটি ভাষায়। অনুমিতভাবে ছবিটি সবচেয়ে ভালো করেছে দক্ষিণি রাজ্যগুলোতে। মুক্তির প্রথম দিনে বক্স অফিস থেকে তুলে নিয়েছে ১৮ কোটি রুপি, যা নানির ক্যারিয়ারের সর্বোচ্চ। ভারতসহ সমগ্র বিশ্বের হিসাব করলে ছবিটি প্রথম দিন আয় করেছে ৩১ কোটি রুপি।
ধারণা করা হচ্ছে, শনি ও রোববার ছুটির মধ্যে ছবিটি ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করবে। সমালোচকেরা বলছেন, ছবির গল্প ও নানির অসাধারণ পারফরম্যান্সের কারণে বাজিমাত করেছে। অনেক দর্শক বলেছেন, ছবিটির শেষ যেভাবে হয়েছে, তা তারা অনেক দিন দেখেননি।







