সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৩:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা পুনর্নির্ধারণের দাবিতে রাজশাহীতে চার ঘণ্টা সড়ক অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা পুনর্নির্ধারণের দাবিতে রাজশাহীতে চার ঘণ্টা সড়ক অবরোধ

রাজশাহী প্রতিনিধি:



শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং নতুন করে এইচএসসি পরীক্ষা নেওয়ার দাবিতে রাজশাহীতে চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত নগরীর তালাইমারী মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। দাবি আদায় না হলে বৃহস্পতিবার রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

 

অবরোধের কারণে তালাইমারী মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। সাধারণ যাত্রীদের অনেকেই হেঁটে মোড় পার হয়ে গন্তব্যে যেতে বাধ্য হন। দূরপাল্লার বাস, ট্রাকসহ ভারী যানবাহন বিকল্প হিসেবে বাইপাস সড়ক ব্যবহার করে চলাচল করে।
 

সরেজমিনে দেখা যায়, বরেন্দ্র কলেজ, মসজিদ মিশন একাডেমিসহ ১০ থেকে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুপুরের পর তালাইমারী মোড়ে জড়ো হয়ে চারদিকের সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) রুয়েট গেট এলাকায় অবস্থান নিয়ে যানবাহন ঘুরিয়ে দেয়।
 

আন্দোলনরত বরেন্দ্র কলেজের শিক্ষার্থী আনাস রহমান বলেন, তাঁদের দাবি হলো এইচএসসি পরীক্ষার রুটিন পুনর্বিন্যাস করে নতুন সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করা।
 

মসজিদ মিশন কলেজের শিক্ষার্থী আল জাওয়াদ নাহিয়ান বলেন, বন্যা ও জলাবদ্ধতার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের অনেক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর মন্তব্যে তাঁরা ক্ষুব্ধ এবং তাঁর পদত্যাগ দাবি করছেন।
 

বরেন্দ্র কলেজের আরেক শিক্ষার্থী মোহাম্মদ শান্ত বলেন, পরীক্ষা ব্যবস্থাপনায় বিভিন্ন জটিলতা ও বিরূপ পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা মানসিক চাপে রয়েছেন। দ্রুত দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
 

অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষও। অটোরিকশাচালক আতাউর রহমান বলেন, সড়ক বন্ধ থাকায় তাঁরা শহরের দিকে যেতে পারেননি, এতে আয় কমেছে এবং যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হয়েছে।
 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক বেলাল হোসেন বলেন, ব্যস্ত সময়ে সড়ক অবরোধ সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। আন্দোলনের অধিকার থাকলেও জনদুর্ভোগের বিষয়টিও বিবেচনায় রাখা উচিত।
 

মতিহার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুল ফেরদৌস জানান, দুপুর ২টার পর থেকে পরীক্ষার্থীরা তালাইমারী মোড় অবরোধ করে রাখেন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে অবরোধ প্রত্যাহারের পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।