দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে চট্টগ্রামের পটিয়ার ছনহরা সর্বজনীন কালীবাড়ি মহোৎসব উদযাপন পরিষদের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে বিশিষ্ট সংস্কৃতি সংগঠক ও শিল্পী সুজিত ভট্টাচার্য দোলন সভাপতি, বিশিষ্ট সমাজসেবী অসীম দাশ সাধারণ সম্পাদক এবং প্রবীর সিংহ অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১৭ নভেম্বর বিদায়ী সভাপতি অধ্যাপক অরুণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় ২০২৭-২৮ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সভায় নতুন নেতৃত্বের হাতে মহোৎসব পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। এ সময় আগামী দিনের আয়োজনকে আরও বর্ণিল, সুশৃঙ্খল ও আনন্দমুখর করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ৭ ও ৮ জানুয়ারি দুই দিনব্যাপী ছনহরা সর্বজনীন কালীবাড়ির মহোৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তি, আনন্দ ও সম্প্রীতির মেলবন্ধনে উৎসব উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নতুন কমিটির নেতারা মহোৎসবের ঐতিহ্য ও ধারাবাহিকতা বজায় রেখে সবার সহযোগিতায় আয়োজনটি সফল করার আশাবাদ ব্যক্ত করেছেন।







