আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম:
বিশ্ব বাবা দিবস উপলক্ষে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া পৌর সদরে ‘রবীন্দ্র-নজরুল সাহিত্যকর্মে পিতৃত্বের জয়গান’ শীর্ষক এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার দুপুরে খলিলুর রহমান শিশু নিকেতন ও খলিলুর রহমান সাংস্কৃতিক একাডেমির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাকামাম ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অরিত্র উপস্থাপনার দায়িত্ব পালন করে। এতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, ইসলামী সংগীত, নৃত্য এবং কবিতা আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।
খলিলুর রহমান শিশু নিকেতনের প্রধান শিক্ষক ছোটন নাথের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুল ইসলাম সিদ্দিক।
এর আগে সকালে শিক্ষার্থীরা ফুল দিয়ে নিজ নিজ পিতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে। প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে কেক কেটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীও উদযাপন করা হয়।
আয়োজকরা জানান, বাবা দিবসের তাৎপর্য তুলে ধরা এবং রবীন্দ্র-নজরুলের সাহিত্যকর্মে পিতৃত্বের মহিমা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।







