চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ডাক পাওয়া সাকিব আল হাসান আর লিটন দাসকে এনওসি দিতে দেরি করায় বিসিবির পক্ষে-বিপক্ষে দুটি মতের সৃষ্টি হয়েছে। একদল বলছে, দেশ আগে। অপর দলের মত, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে এই দুজনের থাকা জরুরি নয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান।
আজ শনিবার একটি অনুষ্ঠানে এসে সাকিব এ বিষয়ে বলেন, ‘বোর্ড থেকে আগে যখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড জানতে চায় কবে থেকে খেলতে পারব, পুরো সময় অ্যাভেইলেবল আছি কি না। সে সময় এনওসির মতোই আসলে ওদের জানিয়ে দেওয়া হয় কবে থেকে কবে পর্যন্ত খেলতে পারব। সেখানে ছিল আমাদের যখন আন্তর্জাতিক কমিটমেন্ট থাকবে তখন বিসিবি এলাউ করবে না। সেভাবে বিসিবি করেছে, ওভাবেই আমরা এনওসি পেয়েছি।’







