মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:২৯:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাবনায় বালু উত্তোলনের আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত

পাবনায় বালু উত্তোলনের আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত

পাবনা প্রতিনিধি

 

পাবনার সদর উপজেলার পদ্মার চর এলাকায় অবৈধ বালু উত্তোলনের আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখ (৩৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।
 

শুক্রবার দুপুর ১টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ও চরতারাপুর ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান এলাকার পদ্মার চরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 

নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়াগোহাইলবাড়ী এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফের ভাতিজা এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীরও ভাতিজা। স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, তিনি দলের সক্রিয় কর্মী ছিলেন।
 

স্থানীয় সূত্র জানায়, পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে শুক্রবার সকালে উভয় পক্ষ আবার বালু উত্তোলনের স্থানে গেলে তাদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মঞ্জু শেখের মৃত্যু হয়।
 

সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ অভিযোগ করেন, চরতারাপুর ও ভাঁড়ারা এলাকার কয়েকজন বালু উত্তোলনের উদ্দেশ্যে সেখানে গেলে তাঁর ভাতিজারা বাধা দেন। এ সময় প্রতিপক্ষ গুলি চালালে মঞ্জু শেখ নিহত হন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 

অন্যদিকে ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তদন্তে যদি বালু উত্তোলন বা হত্যাকাণ্ডে তাঁর বা তাঁর অনুসারীদের সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তবে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ তিনি অস্বীকার করেন।
 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান জানান, অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।