প্রকাশকালঃ ২১ জুলাই ২০২৬, রাত ৮:০৩ সময়

মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, অনলাইন জুয়া নিয়ন্ত্রণ এবং জাতীয় সংরক্ষণ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
সভায় আরও বক্তব্য দেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীস রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুস্মিতা দত্ত, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মজনু ফকির, বীর মুক্তিযোদ্ধা আব্দুর নুর, মাদারগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম এবং জুলাই যোদ্ধা সিয়ামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
প্রধান উপদেষ্টার বক্তব্য তুলে ধরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসন ও দেশবাসী—আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক মূল্যবোধ সমুন্নত রেখে নতুন দিনের বাংলাদেশ গঠনে একযোগে কাজ করতে হবে।”
আলোচনা সভায় বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার, গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।