প্রকাশকালঃ ২২ জুন ২০২৬, দুপুর ১২:৩০ সময়

কক্সবাজার, ২২ জুন:

কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় ৮ হাজার ৯২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী যাত্রীকে আটক করা হয়েছে। দায়িত্বরত আনসার সদস্যদের তৎপরতায় মাদক পাচারের এ চেষ্টা ব্যর্থ হয়।
বিমানবন্দর সূত্র জানায়, রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকাগামী নভোএয়ারের BQ-922 ফ্লাইটে যাত্রার উদ্দেশ্যে এক নারী যাত্রী কক্সবাজার বিমানবন্দরে প্রবেশ করেন। যাত্রীদের নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় দায়িত্বরত নারী আনসার সদস্য মোছা. সেতু আক্তার ওই যাত্রীর আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে করলে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন।
পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যাত্রীর বহনকৃত হাতব্যাগ স্ক্যান করা হলে সন্দেহজনক বস্তু শনাক্ত হয়। এরপর ব্যাগটি তল্লাশি করে ভেতর থেকে ৮ হাজার ৯২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক নারী জেসমিন আক্তার (৩৫) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করার পাশাপাশি তাকে মাদক পরিবহনের অভিযোগে আটক করা হয়।
ঘটনার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আটক নারী ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আনসার সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব ও সময়োপযোগী পদক্ষেপের কারণে রাজধানীমুখী বিপুল পরিমাণ মাদক পাচারের একটি সম্ভাব্য প্রচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। এ ঘটনায় দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের প্রশংসা করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, দেশের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কক্সবাজার বিমানবন্দরে ইয়াবা উদ্ধারের এ ঘটনাকে মাদকবিরোধী অভিযানে বাহিনীর কার্যকর ভূমিকার আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।