রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৭:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

উপদেষ্টা না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা শিক্ষার্থীদের

উপদেষ্টা না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা শিক্ষার্থীদের

বুয়েটসহ দেশের বিভিন্ন প্রকৌশল শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করে ঘোষণা দিয়েছেন—অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টা শাহবাগে এসে তাদের দাবির নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
 

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের এক্সিট গেটের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ এ ঘোষণা দেন। পরে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
 

সংবাদ সম্মেলনে জুবায়ের আহমেদ বলেন, “আজকে শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে, তার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে দুঃখ প্রকাশ করতে হবে এবং জবাবদিহি করতে হবে। আন্দোলনে অংশ নেওয়া রোকনের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আজকের হামলায় জড়িত পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।”
 

তিনি আরও জানান, সরকার কর্তৃক প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটিকে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। তার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি তোলেন তিনি। পাশাপাশি পূর্বঘোষিত তিন দফা দাবি দ্রুত নির্বাহী আদেশে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে এবং তিন উপদেষ্টা—ফওজুল করিম, আদিলুর রহমান ও সৈয়দা রেজওয়ান হাসানকে এসে এ বিষয়ে নিশ্চয়তা দিতে হবে।
 

শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—

  • হামলায় আহতদের চিকিৎসার খরচ সরকারকে বহন করতে হবে,

  • আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে,

  • যৌক্তিক আন্দোলনে আর কোনো হামলা চালানো যাবে না।
     

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বুধবার পুলিশের হামলায় অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
 

এর আগে সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান নেন। পরে দুপুর দেড়টার দিকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
 

ঘটনার পর থেকে শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
 

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন, ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে যানজট এড়াতে কাঁটাবন, মৎস্য ভবন এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিকল্প রাস্তা চালু করা হয়েছে।