সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৬তম বার

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৬তম বার

আদালত প্রতিবেদক

 

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আদালত আগামী ১৮ জুন নতুন দিন ধার্য করেছেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ মোট ১২৬ বার পেছানো হলো।
 

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তদন্ত সংস্থার আবেদনের পর নতুন এ তারিখ নির্ধারণ করেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন তারিখ দেন।
 

শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
 

এর আগে, ২০২৪ সালের ১৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক আদালতে তদন্তের অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, তদন্তভার গ্রহণের পর এ পর্যন্ত ৭০ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তদন্তে অগ্রগতি রয়েছে। দ্রুত তদন্ত শেষ হবে বলেও আদালতকে আশ্বস্ত করা হয়েছিল। তবে তদন্ত দীর্ঘসূত্রতায় আদালত সেদিন অসন্তোষ প্রকাশ করেন।
 

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
 

প্রথমে শেরেবাংলা নগর থানা পুলিশ মামলাটির তদন্ত শুরু করে এবং এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে চার দিনের মধ্যে রহস্য উদ্ঘাটন করতে না পারায় মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়। দীর্ঘ সময় তদন্ত করেও ডিবি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়।