বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৯:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রামে ২৫ এপ্রিল ১১৭তম জব্বারের বলী খেলা, উদ্বোধন হলো জব্বার চত্বরের ম্যুরাল

চট্টগ্রামে ২৫ এপ্রিল ১১৭তম জব্বারের বলী খেলা, উদ্বোধন হলো জব্বার চত্বরের ম্যুরাল

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:


চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আগামী ২৫ এপ্রিল (১২ বৈশাখ) অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর। এবারের আসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০৮ জন বলী অংশ নেবেন।

বুধবার (২২ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলন শেষে লালদীঘি চত্বরে বলী খেলার প্রতিকৃতি সম্বলিত একটি ম্যুরাল উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে বলী খেলার প্রবর্তক আব্দুল জব্বারের নামানুসারে চত্বরটির নামকরণ করা হয় ‘জব্বার চত্বর’।

নবনির্মিত ম্যুরালে টেরাকোটার ত্রিভুজাকৃতির নকশায় এক পাশে বলী খেলার প্রতিকৃতি, অন্য পাশে ন্যায়বিচারের প্রতীক হাতুড়ি এবং শেকল ভাঙার প্রতিকৃতির মাধ্যমে লালদীঘির ঐতিহাসিক চেতনাকে তুলে ধরা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলী খেলার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল।

মেয়র বলেন, “চট্টগ্রামের বলী খেলা শুধু একটি ক্রীড়া নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংগ্রামের প্রতীক। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরতেই ম্যুরালটি নির্মাণ করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৪ এপ্রিল থেকে শুরু হবে বৈশাখী মেলা এবং ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে বলী খেলার মূল আসর। খেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

২৬ এপ্রিল এসএসসি পরীক্ষা থাকায় পাশের সরকারি মুসলিম হাই স্কুল কেন্দ্রে পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে মেলা ২৬ এপ্রিল ভোরেই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে ওয়াচ টাওয়ার স্থাপনসহ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস প্রস্তুত থাকবে।

আয়োজক কমিটির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য আলী হাসান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় স্থানীয় যুবকদের সংগঠিত করতে আব্দুল জব্বার সওদাগর এ বলী খেলার প্রচলন করেন। প্রতিবছর বাংলা পঞ্জিকা অনুযায়ী ১২ বৈশাখ লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হয় এ খেলা, যা এখন চট্টগ্রামবাসীর অন্যতম প্রাণের উৎসবে পরিণত হয়েছে।