মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াতে ইসলামী

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াতে ইসলামী

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, এই পদ্ধতি বাস্তবায়ন করা হলে কালো টাকার প্রভাব ও মনোনয়ন বাণিজ্য কমে যাবে। একই সঙ্গে দলটি স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই সম্পন্ন করার প্রস্তাবও দিয়েছে।
 

বুধবার (২৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
 

তিনি বলেন, “অনেক দেশেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীও বাংলাদেশে এই পদ্ধতি চায়। এতে যে দল যত শতাংশ ভোট পাবে, সে অনুপাতে আসন বরাদ্দ হবে। এমনকি আমরা ১ শতাংশ ভোট পেলেও তার ভিত্তিতে আসন বণ্টনের প্রস্তাব দিয়েছি।”
 

হামিদুর রহমান আরও জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি বৈঠকে তোলা হয়েছে। তিনি বলেন, “জামায়াতের নিবন্ধন এবং দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনর্বহাল হওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা নির্বাচন কমিশনের ওপর আস্থা রেখে এগিয়ে যেতে চাই।”
 

বৈঠকে জামায়াতে ইসলামীর তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হামিদুর রহমান আযাদ। সঙ্গে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। সকাল ১১টা থেকে সোয়া এক ঘণ্টা ধরে সিইসির সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 

এ সময় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, ইসি সিনিয়র সচিব মো. আখতার আহমদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।