শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৬:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভোটের দিন ২৪ ঘণ্টা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, জরুরি সেবায় ছাড়

ভোটের দিন ২৪ ঘণ্টা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, জরুরি সেবায় ছাড়

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌযান চলাচলের ওপর ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে জরুরি সেবা ও বিশেষ কিছু ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য নৌ-সচিবের কাছে একটি চিঠি পাঠান।
 

চিঠিতে জানানো হয়, ভোটগ্রহণের দিন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত লঞ্চ ও ইঞ্জিন বোটসহ (নির্দিষ্ট রুটে চলাচলকারী নৌযান ব্যতীত) সব ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
 

তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী এজেন্ট, দেশি ও বিদেশি পর্যবেক্ষক (পরিচয়পত্রসহ), নির্বাচনের সংবাদ সংগ্রহে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল করা যাবে।
 

এছাড়া অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগসহ জরুরি সেবায় ব্যবহৃত নৌযানের ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। প্রধান প্রধান নৌপথে বন্দর কার্যক্রম, জরুরি পণ্য পরিবহন এবং অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন।
 

একই সঙ্গে যেসব এলাকায় ভোটার ও সাধারণ মানুষের চলাচলের একমাত্র মাধ্যম নৌযান এবং দূরপাল্লার নৌযান চলাচলের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
 

চিঠিতে আরও বলা হয়, স্থানীয় পরিস্থিতি ও প্রয়োজন বিবেচনায় সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অতিরিক্ত নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা প্রদান করা হয়েছে।