সাভারের আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিচার শুরু করার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার সঙ্গে জড়িত পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিও করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ১৬ আসামির মধ্যে কারাগারে থাকা আটজনকে এদিন আদালতে হাজির করা হয়। তারা হলেন:
-
ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী
-
সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম
-
পরিদর্শক আরাফাত হোসেন
-
এসআই মালেক
-
এসআই আরাফাত উদ্দিন
-
এএসআই কামরুল হাসান
-
আবজাল হোসেন
-
কনস্টেবল মুকুল
এর আগে, ১৩ আগস্ট স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। এরপর তাদের মরদেহ পুলিশ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস ঘটনার সময় একজন জীবিত ছিলেন, কিন্তু তাকে বাঁচানো হয়নি; পেট্রোল ঢেলে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়।
এই ঘটনায় ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জন এখনও পলাতক রয়েছেন।







