সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পঞ্চগড়ে প্রবাসীর জমি জবরদখল ও সাড়ে ১৩ লাখ টাকার গাছ কাটার অভিযোগ

পঞ্চগড়ে প্রবাসীর জমি জবরদখল ও সাড়ে ১৩ লাখ টাকার গাছ কাটার অভিযোগ

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় এক সৌদি প্রবাসীর জমি জবরদখল এবং প্রায় সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ৯০টি বড় কাঁঠালগাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা মো. সাদেক হোসেনের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের খানপাড়া গ্রামের সৌদি প্রবাসী মো. রফিকুল ইসলামের মালিকানাধীন জমিতে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর দাবি, তার জমি দখলের চেষ্টা করে সেখানে থাকা বড় বড় কাঁঠালগাছ কেটে নেওয়া হয়েছে।

জমির মালিক মো. রফিকুল ইসলাম জানান, তিনি ১৯৯৫ সালে আব্দুল হাফিজের কাছ থেকে জমিটি ক্রয় করেন। দলিল নম্বর ২৯০ অনুযায়ী বেংহারী দেবত্তর মৌজার জেএল নম্বর ৩৮, খতিয়ান নম্বর ১৫ ও দাগ নম্বর ১৬১৯-এ তার মোট ৩৭ দশমিক ৫ শতক জমি রয়েছে।

রফিকুল ইসলাম বলেন, “ক্রয়সূত্রে পাওয়া জমিতে বছরের পর বছর কষ্ট করে গাছগুলো বড় করেছি। কিন্তু সাদেক হোসেন ও তার লোকজন জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে আমার প্রায় সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের সম্পদ গাছ কেটে নিয়ে গেছে। একই সঙ্গে আমাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জমির মালিক রফিকুল ইসলাম বেংহারী ইউনিয়ন গ্রাম আদালতে অভিযোগ করেছেন বলে জানা গেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জন্য স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বেংহারী ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলী বলেন, রফিকুল ইসলামের জমি জোরপূর্বক দখল এবং গাছ কেটে নেওয়ার ঘটনায় সাদেক হোসেনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। দলিলপত্র অনুযায়ী জমিটির প্রকৃত মালিক সৌদি প্রবাসী রফিকুল ইসলাম বলেও জানান তিনি।

তবে অভিযুক্ত মো. সাদেক হোসেনের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযোজন করা হবে।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।