শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৫:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এসআরএফের নিন্দা

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এসআরএফের নিন্দা

সন্ত্রাসীদের গুলিতে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।
 

রোববার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম এ নিন্দা জানান।
 

বিবৃতিতে এসআরএফ নেতারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তারা বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি। গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করতে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, হামলা কিংবা হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের সাংবিধানিক অধিকার ও আইনের শাসনের পরিপন্থি।
 

এ ছাড়া দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধারে এগিয়ে আসার সময় সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক দ্য নিউ এজের সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা ও নাজেহালের ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এসআরএফ।
 

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১২টার দিকে উচ্ছৃঙ্খল কতিপয় ব্যক্তি প্রথমে দৈনিক প্রথম আলো এবং পরে দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় দুটি পত্রিকার একাধিক সাংবাদিক ভবনের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আটকে পড়া সাংবাদিকদের নিরাপদে উদ্ধার করা হয়।