নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জমি দখল ও পরবর্তীতে হয়রানির অভিযোগ উঠেছে মোরশেদ আলমের বিরুদ্ধে। এ বিষয়ে জাহিদুল ইসলাম রাব্বি ওরফে রাব্বি মুন্সি ও তার বাবা মো. রফিক উল্লাহ অভিযোগ করেছেন।
রাব্বি মুন্সির দাবি, তার বাবা কষ্টার্জিত অর্থে বৈধভাবে যে জমি কিনেছিলেন, তা মোরশেদ আলম প্রায় ১২ বছর ধরে ভোগদখল করে আসছেন। পরে স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলে উভয় পক্ষের দলিলপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা হয়। সেখানে তাদের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
রাব্বি মুন্সি আরও অভিযোগ করেন, পরবর্তীতে জমাখারিজ ও নামজারি করে দেওয়ার কথা বলে মোরশেদ আলমের সঙ্গে সাড়ে পাঁচ লাখ টাকার একটি বায়না চুক্তি হয়। জমাখারিজ সম্পন্ন হওয়ার পর বিভিন্ন অজুহাতে তাকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তার। পাশাপাশি বিষয়টি ভিন্ন দিকে নিতে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে সালিশের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, মোরশেদ আলমের বাবা আব্দুর রহিম গত ২৮ জুলাই নামজারি খতিয়ান বাতিল এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেন। সেখানে জমির দলিল ও নামজারি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলা হয়েছে।
তবে উভয় পক্ষের অভিযোগের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। বিষয়টি শুনানির জন্য ইতোমধ্যে তারিখ নির্ধারণ করা হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে বিধি অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি করা হবে।







