সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১২:১৭:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

কুড়িগ্রামে ধর্মীয় অনুভূতিতে আঘাত, ট্রাস্টি নাহিদ হাসানের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে ধর্মীয় অনুভূতিতে আঘাত, ট্রাস্টি নাহিদ হাসানের বিরুদ্ধে মামলা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কলামিস্ট, সংগঠক ও শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি নাহিদ হাসান নলেজের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের চিলমারী থানায় মামলাটি করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুশাহেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

 
নাহিদ হাসান নলেজ চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি একাধারে শিক্ষক, সংগঠক, কলাম লেখক এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের বোর্ড আব ট্রাস্টি।

 
মামলার বাদীর নাম গোলাম মোস্তফা। তিনি চিলমারীর থানাহাট ইউনিয়নের ছোটকুষ্টারি গ্রামের বাসিন্দা। মামলায় নাহিদ হাসানের বিরুদ্ধে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দিয়ে জনরোষ সৃষ্টি এবং সাইবার নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়েছে।

 
এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাহিদ হাসানকে ‘রাসূল (সা.)কে অবমাননাকারী’ আখ্যা দিয়ে তার গ্রেফতার ও শাস্তির দাবি তুলে চিলমারীতে বিক্ষোভ মিছিল করে ‘তৌহিদী মুসলিম জনতা’। নাহিদ হাসান ফেসবুকে পোস্টের মাধ্যমে এই ‘অবমাননা’ করেছেন বলে দাবি করেন বিক্ষোভকারীরা। একই দাবিতে রবিবার সন্ধ্যায় আবারও মিছিল করেন বিক্ষোভকারীরা। তবে বিক্ষোভকারীদের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন নাহিদ হাসান।

 
মামলার এজাহারে বলা হয়েছে, নাহিদ হাসান তার ফেসবুক আইডি থেকে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে পোস্ট করেন। আসামি তার অনুসারী রাখাল রাহার ফেসবুক পোস্টের স্ক্রিনশট দিয়ে মহানবীকে আবারও কটূক্তি ও হাদিসকে ভুয়া ও জাল হাদিস বলে পোস্ট করেন। আসামি তার ব্যবহৃত মোবাইল ফোন হতে রাখাল রাহার ফেসবুক আইডির মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে তার ব্যবহৃত মোবাইল/ডিজিটাল ডিভাইস হতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বনবীকে নিয়ে কটূক্তিমূলক মানহানিকর পোস্ট করে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা বা ভীতি প্রদর্শনমূলক পোস্ট করেছেন।

 
তবে ‘তৌহিদী মুসলিম জনতার’ সমালোচনা ও প্রতিবাদের মুখে কিছু সময় পর পোস্টটি সরিয়ে নেন নাহিদ। তবু এ নিয়ে বিক্ষোভ মিছিল করে প্রশাসনকে আল্টিমেটাম দেওয়া হয়। পরে রবিবার চিলমারী থানায় নাহিদ হাসানের বিরুদ্ধে মামলা করা হয়।

 
তবে বিক্ষোভকারীদের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে নাহিদ হাসান বলেন, ‘আমি নিজে একজন বিশ্বাসী মুসলিম। আমি চ্যালেঞ্জ করছি, আল্লাহ ও প্রিয় রাসুলের বিরুদ্ধে কোথাও কিছু লিখেছি এটা কেউ দেখাতে পারবে না। এমন কিছু কখনো বলিনি, লিখিনি। তাই কেউ দেখাতেও পারবে না।’

 
ফেসবুকে পোস্ট দেওয়া ও পরে সরিয়ে নেওয়ার প্রশ্নে নাহিদ বলেন, ‘গণঅভ্যুত্থানকে ব্যর্থ করা, প্রিয় মাতৃভূমিকে অস্থিতিশীল করতে চাওয়া একটি পক্ষের আইন হাতে তুলে নিতে চাওয়ার বিপক্ষে আমি মত দিয়েছি। এটা কি অপরাধ হতে পারে? তবুও সেই পোস্ট আমি ডিলিট করেছি। এই দুঃখিনি বাঙালি মুসলমানরা যাতে একটি উন্নত রাষ্ট্র গড়তে পারে, আমি বরং এই চেষ্টা সবসময় করে গেছি।’

 
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুশাহেদ খান বলেন, ‘মামলা নথিভুক্ত হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’ 

 
রবিবার সন্ধ্যার পর থেকে নাহিদ হাসানের চিলমারীর পৈতৃক নিবাস ও কুড়িগ্রাম শহরের ভাড়া বাসার এলাকায় পুলিশ ও যৌথ বাহিনীর টহল দল দেখা গেছে।