রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৪:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

শাহবাগে শিক্ষার্থীদের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে অবস্থান কর্মসূচি

শাহবাগে শিক্ষার্থীদের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে অবস্থান কর্মসূচি

নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শিক্ষার্থীরা ‘সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি’ পালন করছেন। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেছেন।

 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে এসে একত্রিত হন এবং জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—

  • স্কুল ও কলেজ: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল কলেজ, উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ সরকারি কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ও হামদর্দ কলেজ।
  • অংশগ্রহণের অপেক্ষায়: মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নৌবাহিনী কলেজ, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন ঢাকা, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলসহ প্রায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
     

প্রতিবাদী স্লোগান:

শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দেন।
 

শিক্ষার্থীদের বক্তব্য:

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, নারী নিপীড়নের প্রতিবাদে তারা শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছিলেন। তবে রমজানের কথা বিবেচনা করে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, যা সন্ধ্যা পর্যন্ত চলবে।
 

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী রাকিবুল হাসান জানান, তারা ছয়টি দাবিতে আন্দোলন করছেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুবিধামতো সময়ে শাহবাগে যোগ দিচ্ছেন। কর্মসূচিটি ইফতারের আগ পর্যন্ত চলবে।
 

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থী মিথিলা রহমান বলেন, একের পর এক ধর্ষণের ঘটনা প্রমাণ করে যে নারীরা এই দেশে কতটা অনিরাপদ। রাষ্ট্রকে নিরাপদ করতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন।

 

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে শাহবাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে এবং বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
 

শিক্ষার্থীদের ছয় দফা দাবি:

১. ধর্ষকের শাস্তি জনসমক্ষে কার্যকর করতে হবে, যাতে এটি সমাজে দৃষ্টান্ত স্থাপন করে। ২. ধর্ষণের বিরুদ্ধে প্রশাসনকে সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে এবং প্রয়োজনে ধর্ষকদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ৩. দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ধর্ষণের ঘটনা ঘটলে ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেপ্তার, মেডিকেল রিপোর্ট প্রস্তুত এবং সাক্ষ্য গ্রহণ নিশ্চিত করতে হবে। এরপরের ১৫ কার্যদিবসের মধ্যে যথাযথ প্রমাণের ভিত্তিতে ধর্ষকের ফাঁসি কার্যকর করতে হবে। ৪. ধর্ষণের ঘটনায় সালিশি বিচার নিষিদ্ধ করতে হবে এবং শুধুমাত্র রাষ্ট্র বিচার নিশ্চিত করবে। প্রশাসনের কোনো কর্মকর্তা যদি ধর্ষণের আসামিকে অনৈতিকভাবে মুক্ত করতে সহায়তা করে, তবে তদন্ত অনুযায়ী তাকে চাকরিচ্যুত করতে হবে। ৫. অপ্রাপ্তবয়স্ক হলেও ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে হবে এবং আমৃত্যু কারাদণ্ডের বিধান রাখতে হবে। ৬. চলমান ধর্ষণ মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। প্রয়োজনে আলাদা ট্রাইব্যুনাল গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে এবং আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জবাবদিহির আওতায় আনতে হবে।