মেহেরপুর প্রতিনিধি:-
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে এক রোহিঙ্গাসহ মোট ১৫ জনকে বাংলাদেশে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার ভোরে সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়।
সীমান্ত পেরিয়ে আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন—
- পাবনার চাটমোহর থানার বিশ্বনাথপুর গ্রামের শিবাস হালদার (৫০) ও হরিদাস হালদার (২৪)।
- চাঁপাইনবাবগঞ্জের সদর থানার হরিশপুর গ্রামের সিরাজুল ইসলাম (২০)।
- একই জেলার নরেন্দ্রপুর থানার আক্কাস আলী (২৮)।
- রাজশাহীর গোদাগাড়ী থানার সারেংপুর গ্রামের শাহিন আলী (২৭)।
- চাঁপাইনবাবগঞ্জ সদর থানার নরেন্দ্রপুর গ্রামের কাজীব আলী (২৩) ও হরিশপুর গ্রামের আব্দুল্লাহ (২৬)।
- পিরোজপুরের ইন্দুরকানি থানার বালিয়াপাড়া গ্রামের আজিল সিপাই (৪৫)।
- মিয়ানমারের বুতিডং জেলার মাঝিরপাড়া গ্রামের বাসিন্দা এবং কক্সবাজার উখিয়া ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৩ ব্লকের রিয়াজ (২৪)।
- এছাড়াও আরও ছয়জনের নাম জানা যায়নি।
ফেরত আসা ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং কিছুদিন কারাভোগের পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগার থেকে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। এরপর, বুধবার রাতে বিএসএফ তাদের কাঁটাতারের বেড়া পার করিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয়।
রাতের অন্ধকারে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার থেকে বাসযোগে নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন।
এ বিষয়ে মুজিবনগর বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তিনি কয়েকজন বাংলাদেশিকে পুশব্যাক করার খবর শুনেছেন এবং এ বিষয়ে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।







