ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, ওই গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় আদালত। মামলার অপর দুই আসামি হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আদালত শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আর চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে মামলায় 'শ্যোন অ্যারেস্ট' দেখানো হয়েছে।
এদিন সকালেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়। এ সময় আদালতের কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।
গত ১২ মে তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জুলাই-আগস্টের গণহত্যার মূল নির্দেশদাতা ছিলেন তিনিই।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল এ মামলার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।
গত বছরের ১৭ ডিসেম্বর আরও দুটি মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো, হত্যার নির্দেশ ও পরিকল্পনার অভিযোগে শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলছে। ওই দমন-পীড়নে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারান বলে অভিযোগ রয়েছে।







