মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:২৭:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাবে বিএনপির আপত্তি

টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাবে বিএনপির আপত্তি

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

কোনো ব্যক্তি যেন টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন—সংবিধান সংস্কার প্রক্রিয়ার এমন একটি প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি। দলটির মতে, টানা দুবার নয়, তবে বিরতি দিয়ে কেউ চাইলে আবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকা উচিত। এ ধরনের সীমাবদ্ধতা অযৌক্তিক বলে মনে করে দলটি।
 

রবিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনার বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।
 

তিনি বলেন, ‘‘এ বিষয়ে কমিশনের সঙ্গে এখনো আলোচনা হয়নি, তবে বিএনপির অবস্থান পরিষ্কার। যদি জনগণ চায়, তবে একজন ব্যক্তি বিরতির পর আবার প্রধানমন্ত্রী হতে পারবেন—এ সুযোগ থাকা উচিত।’’
 

সংবিধানে মৌলিক অধিকার সংযোজনের ক্ষেত্রেও দলটি সংযত অবস্থান নিয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী মৌলিক অধিকার নির্ধারণ করা উচিত। অধিকতর অধিকার সংযোজন রাষ্ট্রের ওপর অর্থনৈতিক চাপ বাড়াবে।’’
 

ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদের প্রসঙ্গে তিনি জানান, বিএনপি এ বিষয়ে ভিন্নমত পোষণ করে এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনের আগের অবস্থায় ফিরে যাওয়ার পক্ষে।
 

নারী সংরক্ষিত আসনের বিষয়ে বিএনপির অবস্থান ইতিবাচক। তারা আগামী সংসদে নারী আসনের সংখ্যা ৫০ থেকে ১০০-তে উন্নীত করার প্রস্তাবের সঙ্গে একমত, তবে বর্তমান পদ্ধতি বর্তমান সংসদ পর্যন্ত বহাল রাখার পক্ষে।
 

জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিরুদ্ধেও বিএনপি মত দিয়েছে। কারণ, তাদের মতে এটি বাস্তবায়ন হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা অতিরিক্তভাবে সীমিত হয়ে পড়বে।
 

বিএনপির পক্ষ থেকে আলোচনায় অংশ নিয়েছেন পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। এতে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব মনিরুজ্জামান খান।