শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:০৬:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পরিচিতদের গুলিতে এনসিপি নেতা মোতালেব শিকদার আহত, পুলিশের প্রাথমিক ধারণা

পরিচিতদের গুলিতে এনসিপি নেতা মোতালেব শিকদার আহত, পুলিশের প্রাথমিক ধারণা

খুলনা প্রতিনিধি :



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘শ্রমিকশক্তি’র কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় প্রাথমিকভাবে তার পরিচিত ব্যক্তিরাই জড়িত বলে ধারণা করছে পুলিশ।

 

সোমবার বেলা ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের ‘মুক্তা হাউজ’ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গুলিটি মোতালেবের মাথার চামড়া স্পর্শ করে বেরিয়ে যায়। এতে রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে যান। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ মোতালেব শিকদার পেশায় ট্রাকচালক। তিনি খুলনা নগরীর পল্লীমঙ্গল স্কুলসংলগ্ন এলাকায় বসবাস করেন। তার বাবার নাম মুসলিম শিকদার। মোতালেব খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন। ২০২২ সালে ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তী সময়ে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর চলতি বছরের সেপ্টেম্বর মাসে এনসিপিতে যোগ দিয়ে শ্রমিকশক্তির দায়িত্ব পান।
 

ঘটনাস্থলে সরেজমিনে দেখা যায়, আল আকসা মসজিদ সড়কের মুখে একটি নীল রঙের মারুতি সুজুকি ৮০০ সিসি এলটিও মডেলের প্রাইভেটকার দাঁড়িয়ে রয়েছে। গাড়িটিতে এনসিপি ও শ্রমিকশক্তির বিভাগীয় আহ্বায়ক পরিচয় সংবলিত বড় স্টিকার লাগানো। স্থানীয়রা জানান, গাড়িটি আগের রাত থেকেই সেখানে অবস্থান করছে।
 

প্রধান সড়ক থেকে ‘মুক্তা হাউজ’-এর দূরত্ব প্রায় ৪০০ ফুট এবং এলাকাটি ঘনবসতিপূর্ণ। ওই বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, সকাল ১০টা ৫৯ মিনিটে মোতালেবকে নিয়ে এক যুবক দ্রুত প্রধান সড়কের দিকে যাচ্ছিলেন। এ সময় ওই যুবক মোতালেবের মাথা ধরে রেখেছিলেন।
 

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্য ও আশপাশের ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, ঘটনার আগের রাতেই মোতালেব ও তার দুই সহযোগী একটি গাড়িতে করে ওই এলাকায় যান। তিনি বলেন, কী কারণে তাকে গুলি করা হয়েছে এবং কারা এতে জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।
 

সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেন, এ ঘটনায় একজন নারী পলাতক রয়েছেন। আলামত হিসেবে মোতালেব শিকদারের ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাথমিকভাবে নিজেদের মধ্যে বিরোধ থেকেই তার পরিচিত ব্যক্তিরা এ ঘটনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে।
 

এ বিষয়ে এনসিপির খুলনা জেলা সমন্বয়কারী মাহমুদুল হাসান ফয়জুল্লাহ বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ নিয়ে আপাতত দলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হচ্ছে না।