শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৫:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মধ্যরাতে হাদিকে নিয়ে যে আবেগঘন স্ট্যাটাস নাহিদের

মধ্যরাতে হাদিকে নিয়ে যে আবেগঘন স্ট্যাটাস নাহিদের

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ইংরেজিতে দেওয়া ওই স্ট্যাটাসে জুলাই বিপ্লবে হাদির ভূমিকার কথা তুলে ধরেন নাহিদ ইসলাম।

 

পোস্টে তিনি লেখেন, ভাই হাদি, আমরা তোমাকে রক্ষা করতে পারিনি। তুমি এই দেশের জন্য দাঁড়িয়েছিলে, আর আমরা তোমার প্রতি আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। জুলাইয়ের জন্য, মর্যাদা ও ন্যায়বিচারের জন্য তুমি নিজের জীবন ঝুঁকির মুখে ফেলেছিলে।

 

তিনি আরও উল্লেখ করেন, আমরা জুলাই প্রজন্মকে ঐক্যবদ্ধ রাখতে পারিনি। যে তরুণরা ছিল সাহসী, ক্ষুব্ধ এবং আশাবাদী, যারা একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল, তাদের আমরা এক রাখতে ব্যর্থ হয়েছি। আমরা সময় নষ্ট করেছি, রাজনৈতিক ভুল করেছি, আর তার খেসারত জনগণকে দিতে হয়েছে।

 

নাহিদ ইসলাম লেখেন, জুলাই মাসে আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছিল। তারা ক্ষমতা, দল বা পদ-পদবির জন্য প্রাণ দেয়নি। তারা নিহত হয়েছিল কারণ তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং বিশ্বাস করেছিল বাংলাদেশ বদলাতে পারে। আমরা জুলাইকে ত্যাগ করব না। আমরা চাপের মধ্যে আছি, আমরা আহত, কিন্তু এখনো দাঁড়িয়ে আছি। এই লড়াই আমরা চালিয়ে যাব, যেন তোমার সন্তানসহ দেশের প্রতিটি শিশু মর্যাদার সঙ্গে বাঁচতে পারে।

স্ট্যাটাসে নিজের দায় স্বীকার করে তিনি বলেন, আমরা আমাদের ব্যর্থতার দায়িত্ব নিচ্ছি। গত দেড় বছরে ইতিহাস আমাদের যে দায়িত্ব দিয়েছিল, তা আমরা পালন করতে পারিনি। কিন্তু পিছু হটা আমাদের কোনো বিকল্প নয়।

 

ওসমান হাদির বক্তব্যের প্রসঙ্গ টেনে নাহিদ আরও লেখেন, তুমি যেমন বলেছিলে-আমরা আমাদের শত্রুর প্রতিও ন্যায়বিচার নিশ্চিত করব। কিন্তু ফ্যাসিস্টদের জন্য কোনো ক্ষমা নেই। যারা দেশ ধ্বংস করেছে, নির্যাতনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং হাজারো মানুষকে হত্যা করেছে, তাদের জন্য এক ইঞ্চি ছাড়ও নেই।

 

স্ট্যাটাসের শেষাংশে নাহিদ ইসলাম আবেগভরে লেখেন, ভাই, আমাদের মাঝে ফিরে এসো। সেই মানুষগুলোর কাছে এবং সেই আন্দোলনে ফিরে এসো, যার জন্য তুমি লড়াই করেছিলে। আমরা অপেক্ষায় আছি। হয়তো আমরা জীবন হারাতে পারি, কিন্তু আমরা জুলাইকে কখনো ত্যাগ করব না।