সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া বাড়ল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া বাড়ল

নিজস্ব প্রতিবেদক


 

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর এবার বাসভাড়াও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা করে বাড়ছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 

সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
 

এর আগে রোববার সরকার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন—চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এতে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা লিটারে দাঁড়িয়েছে। এটি দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ দাম।
 

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সোমবার বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব দেয় পরিবহন মালিকরা। সেদিন সন্ধ্যায় ঢাকার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৮ থেকে ২০ পয়সা বাড়ানোর সুপারিশ করা হয়।
 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন সোমবার রাতে জানিয়েছিলেন, জ্বালানির দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেই হিসাবে ২০ টাকা দাম বাড়লে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়।
 

তাদের প্রস্তাব অনুযায়ী, আন্তঃজেলা বাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা এবং নগর বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে ২ টাকা ৭৩ পয়সা করার কথা ছিল। তবে মঙ্গলবারের বৈঠকে উভয় ক্ষেত্রেই ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
 

চলতি বছরের এপ্রিলেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া সমন্বয় করা হয়েছিল। সে সময় দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে ২ টাকা ৪২ পয়সা থেকে ২ টাকা ৫৩ পয়সা এবং ডিটিসিএ এলাকায় মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।